Logo Logo

এস এম জিলানী এমপি

আ. লীগের নেতারা বিদেশে এসি রুমে ঘুমিয়ে দেশের নেতাকর্মীদের উস্কানি দিচ্ছেন


Splash Image

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেছেন, আওয়ামী লীগের নেতারা বাংলাদেশের মানুষের কষ্টার্জিত অর্থ দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করেছেন। সেই পাচার করা অর্থে বিদেশে বসে আরাম-আয়েশে জীবনযাপন করে দেশের নেতাকর্মীদের উসকানি দেওয়া হচ্ছে। তাদের রাজনৈতিক শক্তি ও সাহস থাকলে দেশে এসে মাঠে নামার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি তাদের রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে, অন্য কোনো পন্থায় নয়।


বিজ্ঞাপন


বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারের পৌর মার্কেটে আয়োজিত গণসমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

এস এম জিলানী বলেন, টুঙ্গিপাড়ার মাটিতে রাজনৈতিকভাবে এত বড় শোভাযাত্রা প্রদর্শনের মাধ্যমে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো ইতিহাস সৃষ্টি করেছে। তবে দেশ-বিদেশে অবস্থান করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যারা হুংকার দিচ্ছেন, তাদের উদ্দেশে তিনি বলেন, জাতীয়তাবাদী দল প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। কিন্তু বিএনপির ওপর কোনো ধরনের উসকানি বা অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ করা হলে টুঙ্গিপাড়া-কোটালীপাড়ার জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে তার রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।

তিনি আরও বলেন, ‘এই টুঙ্গিপাড়া আমারও জন্মস্থান। যারা এখানে বিএনপির রাজনীতি করেন, তাদের প্রত্যেকেরও জন্ম এই মাটিতে। তাই রাজনীতি করবেন এবং কথা বলবেন শালীনতার সঙ্গে। গত ১৭ বছর পদ্মা নদী পাড়ি দিয়ে এখানে এসেছি। তাই আমাদের মধুমতি নদীর ভয় দেখিয়ে কোনো লাভ নেই। কারণ আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই ও সংগ্রাম করেছি এবং বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি।’

গণসমাবেশে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ, সহসভাপতি জিল্লাল শেখ, সাংগঠনিক সম্পাদক খালিদ বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, যুবদলের সদস্যসচিব আমিনুল ইসলাম, বিএনপি নেতা আকবর হোসেন, বর্নি ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর কবির, কুশলী ইউনিয়ন বিএনপির সভাপতি কদর শেখসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি পাটগাতী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে গওহরডাঙ্গা চৌরঙ্গি ও পাটগাতী বাজার প্রদক্ষিণ করে পৌর মার্কেটে গিয়ে শেষ হয়। পরে সেখানেই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...