বিজ্ঞাপন
রোববার (৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণের মাধ্যমে ইরানের সম্ভাব্য এ পরিকল্পনার বিষয়ে তথ্য পেয়েছেন।
জেরুজালেম পোস্টের প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে আকস্মিক হামলা চালায়। ওই হামলার বিষয়ে হামাস ইরান কিংবা হিজবুল্লাহকে আগে থেকে অবহিত করেনি। সে সময় হামাস এককভাবেই ওই হামলা পরিচালনা করে।
হামাসের ওই হামলার সময় ইরান ও হিজবুল্লাহ যৌথভাবে কোনো সমন্বিত আক্রমণে অংশ নেয়নি—বর্তমান পরিস্থিতি মূল্যায়নের সময় বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যমটির দাবি, বিভিন্ন আরব সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ইরান এবার ইসরায়েলের বিরুদ্ধে একই সময়ে একাধিক ফ্রন্ট খুলতে চায়। অর্থাৎ, ইসরায়েলের ওপর বিভিন্ন দিক থেকে একযোগে হামলা চালানোর পরিকল্পনা করা হচ্ছে।
এ পরিকল্পনার অংশ হিসেবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বিশেষায়িত ইউনিট কুদস ফোর্সের কর্মকর্তারা সম্প্রতি হিজবুল্লাহ, হুতি এবং ইরাকের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোর কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
বৈঠকগুলোতে মূলত আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ানো এবং ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য সমন্বিত পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে বলে দাবি করেছে জেরুজালেম পোস্ট।
তবে ইরানের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। ফলে ইসরায়েলি কর্মকর্তাদের মূল্যায়ন ও বিভিন্ন আরব সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতেই সম্ভাব্য এ হামলা পরিকল্পনার তথ্য সামনে এসেছে।
সূত্র: জেরুজালেম পোস্ট।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...