Logo Logo

বাকেরগঞ্জে মুক্তা হত্যার বিচার দাবিতে মানববন্ধন


Splash Image

বরিশালের বাকেরগঞ্জে স্বামীর নির্যাতনে দুই সন্তানের জননী মুক্তা আক্তার নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত স্বামী সোহেল শিকদারের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার দুধল ইউনিয়নের সরসী পুলিশ ফাঁড়ির সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহত মুক্তা আক্তারের পরিবারের সদস্য ও স্বজনদের পাশাপাশি স্থানীয় শত শত নারী-পুরুষ এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা মুক্তা আক্তার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে অভিযুক্ত সোহেল শিকদারের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। মানববন্ধন শেষে হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ সেপ্টেম্বর ঢাকার খিলক্ষেত এলাকায় একটি ভাড়া বাসায় স্বামীর নির্মম নির্যাতনের শিকার হয়ে মারা যান বাকেরগঞ্জের দুধল ইউনিয়নের বাসিন্দা মুক্তা আক্তার। তিনি দুই সন্তানের জননী ছিলেন। পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে স্বামী সোহেল শিকদার তাকে মারধর ও নির্যাতন করেন বলে অভিযোগ রয়েছে।

মুক্তার মৃত্যুর আগে স্বামীর নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ঘটনাটি নিয়ে ব্যাপক ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়। পরে পুলিশ হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত স্বামী সোহেল শিকদারকে গ্রেপ্তার করে।

মুক্তা হত্যার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তার নিজ এলাকা বাকেরগঞ্জের দুধল ইউনিয়নে শোক ও ক্ষোভ বিরাজ করছে। পরিবারের সদস্যদের অভিযোগ, এটি কোনো আকস্মিক ঘটনা নয়; দীর্ঘ নির্যাতনের ধারাবাহিকতায় পরিকল্পিতভাবে মুক্তাকে হত্যা করা হয়েছে।

মানববন্ধনে নিহতের ভাই তারেক হাওলাদারসহ পরিবারের সদস্যরা বলেন, মুক্তাকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তারা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের পাশাপাশি দ্রুত বিচার সম্পন্ন করে অভিযুক্ত সোহেল শিকদারের দৃষ্টান্তমূলক শাস্তি, এমনকি ফাঁসি দাবি করেন।

এ সময় স্থানীয় বাসিন্দারাও মুক্তা হত্যার ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেন।

প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...