Logo Logo

রাজাপুর হাসপাতালের পরিত্যক্ত ভবনে গাঁজা সেবন, যুবকের কারাদণ্ড


Splash Image

ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবনে গাঁজা সেবনকালে মো. মেহেদী হাসান (২২) নামের এক যুবককে হাতেনাতে আটক করা হয়েছে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


বিজ্ঞাপন


গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত মেহেদী হাসান রাজাপুর সদর এলাকার মো. বাদল খলিফার ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতালের দায়িত্বরত সশস্ত্র আনসার সদস্যরা রাতে উক্ত পরিত্যক্ত ভবনে অভিযান পরিচালনা করেন। এ সময় এক পুরিয়া গাঁজাসহ সেবনরত অবস্থায় মেহেদী হাসানকে আটক করা হয়। খবর পেয়ে রাজাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিম রেজা সজিব ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযুক্ত যুবক নিজের অপরাধ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে এই দণ্ড দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিম রেজা সজিব জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসেবী যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মাদকমুক্ত সমাজ গঠনে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি মাদক নির্মূলে সাধারণ মানুষকে সচেতন থাকার এবং প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...