Logo Logo

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান


Splash Image

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ওমান। এর মধ্যে ৫ হাজার কর্মী কৃষি খাতে এবং আরও ৫ হাজার কর্মী মৎস্য খাতে কাজের সুযোগ পাবেন। এ বিষয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।


বিজ্ঞাপন


বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ মোহাম্মদ সেলিম আলী আল সাইদের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য ওমানের শ্রমবাজার উন্মুক্ত করা এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে শামা ওবায়েদ ইসলাম বলেন, ওমানের কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ সরকারের আলোচনা হয়েছে। ওমানের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছিল। আলোচনার ভিত্তিতে দেশটি বাংলাদেশ থেকে ৫ হাজার কৃষক এবং ৫ হাজার মৎস্যজীবী নেওয়ার কথা জানিয়েছে। সব মিলিয়ে ১০ হাজার কর্মী নেওয়ার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, আগামী মাসে ওমানের আরেকটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবে। তারা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে বিস্তারিত আলোচনা করবে। এরপর কর্মী নেওয়ার প্রক্রিয়ার অন্যান্য বিষয় চূড়ান্ত করা হবে।

এদিকে, ওমানের ভিসা বন্ধ থাকার বিষয়েও কূটনৈতিকভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান শামা ওবায়েদ। তিনি বলেন, বিভিন্ন কারণে ওমানের ভিসা বর্তমানে বন্ধ রয়েছে। বিগত সরকারের সময়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশি নাগরিকরা যাতে নিয়মিতভাবে ওমানে যেতে পারেন, সে জন্য সরকার কাজ করছে।

দক্ষ কর্মী পাঠানোর ওপরও সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ মানুষকে ওমানে পাঠানোর বিষয়ে দুই দেশ কাজ করছে। বিভিন্ন খাতে দক্ষ বাংলাদেশি কর্মীদের কাজের সুযোগ তৈরিতে ওমানও আগ্রহ দেখিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ ও ওমানের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে বাংলাদেশি শ্রমিকদের জন্য ওমানের শ্রমবাজার আরও উন্মুক্ত করার বিষয়টি গুরুত্ব পায়।

বৈঠকে ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ মোহাম্মদ সেলিম আলী আল সাইদ ওমানের উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশি শ্রমিকদের মূল্যবান অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে দুই দেশের মধ্যে পারস্পরিক লাভজনক সহযোগিতা আরও সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...