Logo Logo

নড়াইলের গন্ধর্ব্যখালীতে নদীভাঙন রোধ ও পুনর্বাসনের দাবিতে মানববন্ধন


Splash Image

নড়াইল সদর উপজেলার গন্ধর্ব্যখালী এলাকায় চিত্রা নদীর ভাঙন রোধ ও নদীগর্ভে বিলীন হওয়া পরিবারগুলোর পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গন্ধর্ব্যখালী এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে গন্ধর্ব্যখালী এলাকায় চিত্রা নদীর ভাঙন অব্যাহত রয়েছে। এতে প্রায় শতাধিক বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের কারণে অনেক পরিবার ঘরবাড়ি ও জমিজমা হারিয়ে অন্যত্র সরে যেতে বাধ্য হয়েছে। একই সঙ্গে আবাদি জমি, গাছপালা ও অন্যান্য সম্পদও নদীগর্ভে বিলীন হচ্ছে।

মানববন্ধনে লুৎফর সিকদার বলেন, গন্ধর্ব্যখালী দক্ষিণপাড়া পাম্প হাউজ থেকে পুরাতন ঈদগাহ পর্যন্ত এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। কবরস্থানসহ বসতভিটা ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। অনেক পরিবার তাদের শেষ সম্বলটুকুও হারিয়েছেন।

তিনি বলেন, নদীভাঙনে সিহাব মোল্যা, সিরাজ মোল্যা, ছত্তার কাজী, আব্দুর রহমান, আয়শা, আছুপ সেখ, সেলিম ফকির, হামিদ মোল্যা, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মোল্যা, আবু সাইদ, লুৎফর সিকদার, আহসান হাবীব, মিজানুর মোল্যা, আব্বাস, সেকন, অরবিন্দ সাহা, আনন্দ সাহা ও দেলোয়ার সরদারসহ অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন।

বক্তারা বলেন, প্রতিদিনই কোনো না কোনো পরিবার নদীভাঙনের ঝুঁকিতে পড়ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে আরও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

মানববন্ধন থেকে ভাঙনপ্রবণ এলাকায় জরুরি ভিত্তিতে নদীর তীর সংরক্ষণ, জিওব্যাগ ফেলা ও প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। পাশাপাশি ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হওয়া পরিবারগুলোর তালিকা তৈরি করে তাদের পুনর্বাসন ও আর্থিক সহায়তার দাবি জানান ভুক্তভোগীরা।

এ সময় এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তাদের দাবি, স্থায়ীভাবে নদীভাঙন রোধ করা না গেলে গন্ধর্ব্যখালী এলাকায় আরও বহু বসতভিটা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...