Logo Logo

রাশিয়ায় পাঠানোর নামে দেড় কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, ভারতে আটক মূল অভিযুক্ত


Splash Image

অভিযুক্ত বিদ্যুৎ মল্লিক।

রাশিয়ায় উচ্চবেতনে চাকরির প্রলোভন দেখিয়ে অর্ধশতাধিক মানুষের কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপনে যাওয়ার অভিযোগ উঠেছে বিদ্যুৎ মল্লিক নামে এক প্রতারকের বিরুদ্ধে।


বিজ্ঞাপন


অভিযুক্ত বিদ্যুৎ মল্লিক গোপালগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। প্রতারণার শিকার ভুক্তভোগীরা মূলত কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রামের অধিবাসী।

অভিযোগ সূত্রে জানা গেছে, কোটালীপাড়ার কলাবাড়ি, রামনগর, তেঁতুলবাড়ি, কুমুরিয়া, কদমবাড়ি, নলুয়া ও বৈকুণ্ঠপুর গ্রামের ৫০ জনেরও বেশি মানুষকে রাশিয়ায় পাঠানোর প্রতিশ্রুতি দেন বিদ্যুৎ মল্লিক। এই প্রলোভনে পড়ে সর্বস্বান্ত হয়ে বিপুল পরিমাণ অর্থ তুলে দেন সাধারণ মানুষ। তবে টাকা হাতে পাওয়ার পরপরই অভিযুক্ত ব্যক্তি যোগাযোগের সমস্ত মাধ্যম বন্ধ করে আত্মগোপনে চলে যান।

প্রতারণার শিকার তেঁতুলবাড়ি গ্রামের বাসিন্দা মানিক বৈদ্য বলেন, রাশিয়ায় নেওয়ার কথা বলে বিদ্যুৎ মল্লিক তার কাছ থেকে নগদ ২ লাখ টাকা নেন। টাকা নেওয়ার পর থেকেই তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না।

পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে ভুক্তভোগীরা জানতে পারেন যে, রাশিয়ায় লোক পাঠানোর পরিবর্তে সংগৃহীত অর্থ নিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন অভিযুক্ত। সীমান্ত অতিক্রমের সময় ভারতের বাগদা থানা পুলিশের হাতে তিনি আটক হয়েছেন বলে জানা গেছে।

রাশিয়ায় পাঠানোর নামে বিশাল অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার এই ঘটনায় স্থানীয় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে তীব্র ক্ষোভ ও চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগীরা ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে খোয়া যাওয়া অর্থ উদ্ধার এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।

এ ঘটনায় অভিযুক্ত বিদ্যুৎ মল্লিকের বিরুদ্ধে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...