বিজ্ঞাপন
হুথি নেতারা জানিয়েছেন, গত ৮ সেপ্টেম্বর থেকে ইয়েমেনে বিমান অভিযান শুরু করেছে সৌদি আরব। ইরানের মদতপুষ্ট এই ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকা এবং তাদের সামরিক ও লজিস্টিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে গত কয়েক দিনে সৌদি বিমান হামলা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে।
হুথি নেতাদের দাবি, গত ১১ থেকে ১৮ সেপ্টেম্বর—এই সাত দিনে ইয়েমেনে প্রায় ৩০০টি বিমান অভিযান পরিচালনা করেছে সৌদি বিমান বাহিনী।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর বুধবার সৌদি বিমান বাহিনীর একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে হুথি বাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যমে বিধ্বস্ত বিমানটির একটি ভিডিওও প্রকাশ করে গোষ্ঠীটি। ভিডিওতে দেখা যায়, ভূপাতিত সৌদি যুদ্ধবিমানটির চারপাশে হুথি যোদ্ধারা জড়ো হয়েছেন এবং তারা একযোগে উচ্চকণ্ঠে ‘আল্লাহু আকবার’ ধ্বনি দিচ্ছেন।
আগস্টের শেষ সপ্তাহ থেকে সৌদি আরবের সঙ্গে হুথি গোষ্ঠীর উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এরই মধ্যে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সৌদি আরবের জ্বালানি খাতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি করেছে বলে দাবি করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে গত ১১ সেপ্টেম্বর রাতে লোহিত সাগর ও এডেন সাগরকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ বাব এল মান্দেব প্রণালি দখলে নেওয়ার দাবি করেছে হুথি যোদ্ধারা।
বাব এল মান্দেব প্রণালি নিয়ন্ত্রণে নেওয়ার ঘটনা সৌদি আরবের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকায় এত দিন বাব এল মান্দেব প্রণালি ব্যবহার করে নিজেদের অধিকাংশ জ্বালানি তেল রপ্তানি করে আসছিল সৌদি আরব।
হুথিরা যায়িদি শিয়াপন্থি মুসলিম গোষ্ঠী। তাদের আদি বাসস্থান ইয়েমেনের উত্তরাঞ্চলে। ২০১৫ সাল থেকে উত্তর ইয়েমেনের নিয়ন্ত্রণে থাকা হুথি গোষ্ঠী পুরো ইয়েমেনের দখল নিতে চায়। আর সেই পথে তাদের প্রধান বাধা হিসেবে রয়েছে সৌদি আরব এবং সৌদি সমর্থিত ইয়েমেনি সেনাবাহিনী।
সূত্র : এএফপি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...