বিজ্ঞাপন
শনিবার (১৯ সেপ্টেম্বর) রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে বলে জানিয়েছে বিমান ট্র্যাকিং বিষয়ক ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪। তাদের তথ্যমতে, বিমানবন্দরটিতে বড় ধরনের একটি সমস্যা তৈরি হয়েছে, যার কারণে ফ্লাইট পরিচালনায় এই বিঘ্ন ঘটেছে।
এদিকে বিমানবন্দরের কাছ থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখেছেন স্থানীয় বাসিন্দারা বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। রিয়াদের এক বাসিন্দা এএফপিকে বলেন, ‘বিমানবন্দরের দিকে আমরা কালো ধোঁয়া ও আগুন দেখতে পেয়েছি।’
ফ্লাইটরাডার২৪ তাদের ওয়েবসাইটে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে ‘ফ্লাইট ডিসরাপশন ইনডেক্স’-এ ৫.০ মাত্রায় রেখেছে। এর অর্থ, বিমানবন্দরটিতে ফ্লাইট বাতিল ও বিলম্বের বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে।
এর আগে সৌদি আরব বিভিন্ন এলাকায় বিমান হামলার সতর্কতা জারি করেছিল। এর পরপরই রিয়াদ বিমানবন্দরে বড় ধরনের সমস্যার খবর সামনে আসে। তবে বিমানবন্দরের কাছে আগুন বা ধোঁয়ার কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। সৌদি আরবের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।
গত দুই সপ্তাহ ধরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের নতুন করে লড়াই চলছে। এর মধ্যেই দেশটির অন্যতম ব্যস্ত বিমানবন্দরে এমন পরিস্থিতির সৃষ্টি হলো।
এর আগে শুক্রবার হুথি বিদ্রোহীরা অভিযোগ করে, সৌদি আরব সানার আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন পাঠিয়েছে। একই সঙ্গে তারা এর জবাব দেওয়ার হুমকি দেয়। ওই হুমকির পর শুক্রবার গভীর রাতে সৌদি আরব দেশটির বিভিন্ন প্রদেশে বিমান হামলার সতর্কতা জারি করে।
প্রায় দুই সপ্তাহ আগে সৌদি আরব ও হুথিদের মধ্যে আবারও পূর্ণমাত্রার উত্তেজনা দেখা দেয়। এরপর থেকে দুই পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে।
এদিকে রিয়াদ থেকে শনিবার ঢাকায় আসার কথা ছিল বাংলাদেশি প্রবাসী আনোয়ার মিজির। তিনি জানান, এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে তার দেশে ফেরার কথা ছিল। তবে ওই ফ্লাইটটি শনিবার বাতিল করে দেওয়া হয়েছে।
আনোয়ার মিজি আরও জানান, রিয়াদ বিমানবন্দর অক্ষত রয়েছে। বিমান চলাচলে বিঘ্ন ঘটলেও সৌদি আরবের অন্যান্য বিমানবন্দর সচল রয়েছে।
সূত্র: এএফপি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...