Logo Logo

মাদারীপুরে প্রবাসীর জমির ধান বিষাক্ত কীটনাশক দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ


Splash Image

মাদারীপুরের ডাসার উপজেলায় এক ইতালি প্রবাসীর ৬০ শতাংশ জমির ধান বিষাক্ত কীটনাশক ছিটিয়ে পুড়িয়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ ধূয়াসার এলাকার ইব্রাহিম মাতুব্বর নামে এক ব্যক্তির বিরুদ্ধে এই ন্যক্কারজনক ঘটনার অভিযোগ ওঠেছে।


বিজ্ঞাপন


গত ১৭ সেপ্টেম্বর সকালে উপজেলার উত্তর ধূয়াসার মৌজায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী মিম আক্তার এ বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বালীগ্রাম ইউনিয়নের উত্তর ধূয়াসার এলাকায় প্রবাসী মেনাজুল আক‌নের ৬০ শতাংশ ফসলি জমিতে গত ১৭ সেপ্টেম্বর সকালে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করেন মানিক মাতুব্বরের ছেলে ইব্রাহিম মাতুব্বর। পরদিন সকালে প্রবাসীর স্ত্রী মিম আক্তার জমিতে গিয়ে দেখতে পান পুরো ক্ষেতের ধান কীটনাশকের প্রভাবে পুড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এই ঘটনায় ডাসার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী মিম আক্তার জানান, অভিযুক্ত ইব্রাহিম মাতুব্বারের সাথে তাদের পূর্বে কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না এবং তার জমিও তাদের জমির সংলগ্ন নয়। কারও প্রলোভনে পড়ে বা প্ররোচিত হয়ে তিনি এই জঘন্য অপরাধটি ঘটিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তি পরবর্তীতে আরও বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে এমন আশঙ্কায় তারা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ফসলি জমিতে বিষ দিয়ে ধান বিনষ্ট করার ঘটনা ছড়িয়ে পড়লে স্থানীয় কৃষকদের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক দেখা দিয়েছে। ভুক্তভোগী পরিবারটি ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানিয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইব্রাহিম মাতুব্বর জানান, তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করার জন্য মিথ্যে নাম ছড়ানো হচ্ছে।

ডাসার থানার অফিসার ইনচার্জ সোলায়মান মাহমুদ জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টির সঠিক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...