Logo Logo

'তুমি কি এখানে ছোলা বিক্রি করতে এসেছ?' বাবরের ওপর চটলেন ওয়াসিম আকরাম


Splash Image

ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর পাকিস্তান ক্রিকেটে গৃহদাহ চরমে পৌঁছেছে। সপ্তাহ পেরিয়ে গেলেও মাঠের বাজে পারফরম্যান্স এবং মাঠের বাইরের নাটকীয়তা নিয়ে বিতর্কের আগুন যেন নিভছেই না। সিরিজের মাঝপথে দলের কোচিং স্টাফ ও খেলোয়াড়দের ঢালাওভাবে বাদ দেওয়ার খবর অধিনায়ক জানতেন না—বাবর আজমের এমন মন্তব্যকে এবার একহাত নিলেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি পেসার ও অধিনায়ক ওয়াসিম আকরাম।


বিজ্ঞাপন


সম্প্রতি ইংল্যান্ডের ম্যানচেস্টারে একটি দাতব্য অনুষ্ঠানে সাবেক সতীর্থ ওয়াকার ইউনিসের উপস্থিতিতে বাবর আজমের দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের ওপর ক্ষোভ উগরে দেন ওয়াসিম। প্রথম দুই টেস্টে শোচনীয়ভাবে হারের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) যখন অন্তর্বর্তীকালীন কোচিং স্টাফের সদস্য সরফরাজ আহমেদ ও উমর গুলকে বরখাস্ত করে এবং স্কোয়াড থেকে সাতজন ক্রিকেটারকে একযোগে দেশে ফেরত পাঠায়, তখন এজবাস্টনে তৃতীয় টেস্টের টসে দাঁড়িয়ে বাবর দাবি করেছিলেন, এসব সিদ্ধান্তের কিছুই তাঁর জানা ছিল না। সাংবাদিকদের পিসিবির দিকে ইঙ্গিত করে প্রশ্ন করার পরামর্শও দেন তিনি।

জাতীয় দলের এত বড় রদবদল সম্পর্কে খোদ অধিনায়কের অজ্ঞতা প্রকাশকে চরম অপেশাদারিত্ব বলে আখ্যা দিয়েছেন ওয়াসিম আকরাম। চরম ব্যঙ্গাত্মক সুরে সাবেক এই তারকা বলেন, ‘বাবর আজম বলেছে সে নাকি কিছুই জানত না। যদি কিছু না-ই জানো, তবে ওখানে তুমি কী করছিলে? ছোলা বিক্রি করতে এসেছিলে নাকি?’ তিনি আরও যোগ করেন, অধিনায়ক যদি সংকটের মুহূর্তে ড্রেসিংরুমের খেলোয়াড়দের পাশে ঢাল হয়ে না দাঁড়ান, তবে ক্রিকেটারদের কাছ থেকে মাঠে শতভাগ নিবেদন আশা করা বাতুলতা মাত্র।

ওয়াসিম আকরামের মতে, বোর্ডের এমন একতরফা হস্তক্ষেপের পর বাবরের উচিত ছিল শক্ত অবস্থান নেওয়া। তিনি বলেন, ‘পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল, তখন দ্বিতীয় টেস্টের পরই বাবরের বলে দেওয়া উচিত ছিল যে সে আর অধিনায়কত্ব করবে না, কেবল সাধারণ খেলোয়াড় হিসেবে খেলবে।’ বাবরের নতুন করে টেস্টের ব্যাটন তুলে নেওয়াটাই একটা বড় ভুল ছিল মন্তব্য করে আকরাম বলেন, অধিনায়কত্বের এই বাড়তি চাপ ও বিশৃঙ্খলা এড়িয়ে শুধু ব্যাটসম্যান হিসেবে থাকলে তা পাকিস্তান দল ও বাবর—উভয়ের জন্যই মঙ্গলজনক হতো।

উল্লেখ্য, টেস্ট ক্রিকেটে পাকিস্তানের টানা ব্যর্থতার জেরে শান মাসুদের জায়গায় গত ৫ জুলাই ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সফরের জন্য দ্বিতীয় মেয়াদে টেস্টের নেতৃত্ব দেওয়া হয় বাবরকে। এর আগে ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত পাকিস্তানের টেস্ট নেতৃত্বে থেকে ২০ ম্যাচে ১০টি জয়ের রেকর্ড ছিল তাঁর। তবে দ্বিতীয় মেয়াদের শুরুটা বাবরের জন্য এক দুঃস্বপ্নে রূপ নেয়; ওয়েস্ট ইন্ডিজে ১-১ সমতার পর ইংল্যান্ডে গিয়ে ৩-০ ব্যবধানে উড়ে যায় দল। লিডসে ইনিংস ও ১০৩ রান এবং ঐতিহ্যবাহী লর্ডসে ১৯৪ রানের চরম পরাজয়ের পরই পিসিবির বিতর্কিত ছাঁটাই প্রক্রিয়ার সূচনা হয়, যা শেষ পর্যন্ত বার্মিংহামে ৮ উইকেটের পরাজয় এড়াতে বিন্দুমাত্র ভূমিকা রাখতে পারেনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...