বিজ্ঞাপন
পুলিশ জানিয়েছে, সারাদেশে কিছু অসাধু ব্যক্তি অনলাইন জুয়া ও বিভিন্ন অনলাইন কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে। এরই ধারাবাহিকতায় নড়াইলেও একটি চক্র ‘ইলিশের বাড়ি চাঁদপুর’, ‘নাহিদ ওয়ার্ল্ড’, ‘কলম প্যাকেজিং’, ‘কাকলী ফার্নিচার’, ‘ইলিশ ভাইয়া চাঁদপুর’ ও ‘অনলাইন বিডি’সহ বিভিন্ন লোভনীয় বিজ্ঞাপনের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকার সরলমনা মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল বলে অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, এর আগেও অভিযোগের ভিত্তিতে নড়াইলের বিভিন্ন স্থান থেকে অনলাইন জুয়াড়ি ও অনলাইন প্রতারকদের গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এরই ধারাবাহিকতায় গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লোহাগড়া থানার ঝামারঘোপ বাজার এলাকার ‘মা’ ফার্মেসির মালিক ও চক্রটির প্রধান হিসেবে অভিযুক্ত ফরহাদ হোসেন এবং তার অন্যতম সহযোগী সজীব হোসেনসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন সিকদার।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ফরহাদ হোসেন (২৬), সজীব হোসেন (৩০), প্রসেনজিৎ মজুমদার (৩০), জমির মোল্যা (৪৫), আলাউদ্দীন মোল্যা (২৮), লাহু মিনহাজ (২৪), নাজমুল মোল্যা (২৬), ফরিদ হোসেন (২৮) ও বিবেক বিশ্বাস (২৫)।
পুলিশ সুপার জানান, গ্রেপ্তারদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন মোবাইল ডিভাইস উদ্ধার করা হয়েছে। এসব ডিভাইস পর্যালোচনা করে 1xBet, Melbet, Ck44.Com ও F11-সহ বিভিন্ন অ্যাপের ব্যবহার এবং লেনদেনের তথ্য পাওয়া গেছে।
পুলিশ আরও জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিচ্ছিল বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। অভিযানে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও তথ্য-উপাত্ত জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনায় অনলাইন প্রতারণার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার অনলাইনে মুখরোচক ও লোভনীয় বিজ্ঞাপন দেখে পণ্য বা সেবা কেনার ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি প্রতারণার শিকার না হতে নাগরিকদের যাচাই-বাছাই ছাড়া অনলাইন বিজ্ঞাপনে সাড়া না দেওয়ার পরামর্শ দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী, মোস্তাফিজুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. আলাউদ্দিনসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...