Logo Logo

অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু


Splash Image

নোয়াখালী সদর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশায় চার্জ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. বোরহান উদ্দিন ওরফে রিপন (২৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


নোয়াখালী সদর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশায় চার্জ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. বোরহান উদ্দিন ওরফে রিপন (২৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার নোয়াখালী ইউনিয়নের পূর্ব চর উরিয়া গ্রামের একটি গ্যারেজে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. বোরহান উদ্দিন রিপন পূর্ব চর উরিয়া গ্রামের খলিল মিয়ার দরজার বাসিন্দা মো. মিলনের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন এবং অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সারাদিন কঠোর পরিশ্রম শেষে রাতে উপজেলার পূর্ব চর উরিয়া গ্রামের খলিল মিয়ার দরজার হোরন মিয়ার রিকশা গ্যারেজে যান রিপন। সেখানে নিজের ব্যাটারিচালিত অটোরিকশাটি চার্জে বসানোর চেষ্টা করছিলেন তিনি। এ সময় বৈদ্যুতিক তার বা সংযোগে অসাবধানতাবশত হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন রিপন এবং ছিটকে পড়ে গুরুতর আহত হন।

মুহূর্তের মধ্যে বিষয়টি বুঝতে পেরে গ্যারেজে থাকা লোকজন ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করেন। এরপর তাৎক্ষণিকভাবে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) কাউচারউজ্জামান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ হাসপাতালে উপস্থিত হয় এবং মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

তিনি আরও উল্লেখ করেন, ঘটনার তদন্ত সাপেক্ষে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, উপার্জনের একমাত্র অবলম্বন রিপনের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...