বিজ্ঞাপন
জেলা প্রশাসনের আয়োজনে গত ১৪ ও ২১ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে সভা দুটি অনুষ্ঠিত হয়। উভয় সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান।
১৪ সেপ্টেম্বর ‘ধর্মে নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও মানবিকতার শিক্ষা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, নৈতিকতা, সততা, সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মানবিক মূল্যবোধের চর্চা সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্যক্তি ও সামাজিক জীবনে ধর্মীয় ও নৈতিক শিক্ষার ইতিবাচক দিকগুলো কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য যাচাই না করে প্রচার বা শেয়ার না করার বিষয়ে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে দায়িত্বশীল আচরণের পাশাপাশি তথ্য যাচাইয়ের অভ্যাস গড়ে তোলা প্রয়োজন।
এরপর ২১ সেপ্টেম্বর ‘অনলাইন জুয়ার নেতিবাচক প্রভাব ও প্রতিরোধের উপায়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অনলাইন জুয়ার সামাজিক, অর্থনৈতিক ও নৈতিক ক্ষতির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
বক্তারা বলেন, অনলাইন জুয়ার কারণে ব্যক্তি ও পরিবার আর্থিক ক্ষতির পাশাপাশি নানা সামাজিক সমস্যার মুখোমুখি হতে পারে। বিশেষ করে তরুণদের এ ধরনের কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের নজরদারি আরও বাড়ানো প্রয়োজন।
অনলাইন জুয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পারিবারিক নজরদারি জোরদার, প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ দুটি সভায় সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার, নৈতিক মূল্যবোধের চর্চা এবং অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...