বিজ্ঞাপন
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, সাধারণত জ্বালানি তেলের দাম প্রতি লিটারে এক টাকা বাড়লে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি এক পয়সা করে বাড়ে। এবার ডিজেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানো হয়েছে। এ হিসাবে বিআরটিএ কিলোমিটারপ্রতি বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। তবে সড়ক পরিবহন মন্ত্রণালয় সেই প্রস্তাব কমিয়ে ১৭ পয়সা নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে।
নতুন ভাড়ার হার শুধু ডিজেলচালিত সাধারণ বাসের ক্ষেত্রে কার্যকর হবে। শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসের ভাড়া সরকার নির্ধারণ করে না। একইভাবে ট্রাক, কাভার্ডভ্যানসহ পণ্য পরিবহনে ব্যবহৃত যানবাহনের ভাড়াও সরকারি নির্ধারিত নয়। ফলে এসব যানবাহন এবং এসি বাসের ক্ষেত্রে নতুন এই ভাড়ার হার প্রযোজ্য হবে না বলে বিআরটিএ সূত্র জানিয়েছে।
নতুন ভাড়া নির্ধারণের সময় ৫২ আসনের বড় বাস ও ৩০ আসনের মিনিবাসের হিসাব বিবেচনায় নেওয়া হয়েছে। তবে দূরপাল্লার অনেক পরিবহনে যাত্রীদের আরাম নিশ্চিত করতে ৫২ আসনের বাসের আসন সংখ্যা কমিয়ে দেওয়া হয়। ফলে আসনসংখ্যা কমানো বাসে ভাড়ার পরিমাণ তুলনামূলক বেশি হতে পারে।
বিআরটিএ সূত্র জানায়, দূরপাল্লা ও শহরের বিভিন্ন রুটে দূরত্ব অনুযায়ী নতুন ভাড়ার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। তবে তালিকা প্রস্তুত ও প্রকাশ করতে আরও এক থেকে দুই দিন সময় লাগতে পারে।
গত ২০ সেপ্টেম্বর রাতে ডিজেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করে সরকার। এর আগে চলতি বছরের এপ্রিলে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হয়েছিল। তখন বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়ানো হয়।
বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ৫৩ পয়সা। নতুন করে ১৭ পয়সা বাড়ানো হলে তা দাঁড়াবে ২ টাকা ৭০ পয়সায়। একইভাবে মিনিবাসের বর্তমান ভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে হবে ২ টাকা ৫৯ পয়সা।
অন্যদিকে, দূরপাল্লার ৫২ আসনের বাসে বর্তমানে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ২৩ পয়সা। নতুন ভাড়া কার্যকর হলে তা বেড়ে দাঁড়াবে ২ টাকা ৪০ পয়সা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...