Logo Logo

বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম


Splash Image

সৌদি আরবের গুরুত্বপূর্ণ একটি পাইপলাইন পুনরায় চালু হওয়ায় পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি সরবরাহ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এর প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আরও কমেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) টানা ষষ্ঠ সেশনের মতো দাম কমে অপরিশোধিত তেলের মূল্য দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।


বিজ্ঞাপন


আন্তর্জাতিক বাজারের মানদণ্ড হিসেবে বিবেচিত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ০৯ ডলার বা ১ দশমিক ১ শতাংশ কমে ৯৮ দশমিক ১৬ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৫০ ডলার বা ১ দশমিক ৬৭ শতাংশ কমে ৮৯ দশমিক ০১ ডলারে নেমেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ধ্বংসের হুমকি দিলেও তার প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানি প্রতিনিধিদের সঙ্গে ইতিবাচক আলোচনা করেছেন বলে জানা গেছে। নিউইয়র্কে অনুষ্ঠিত ওই বৈঠকের পর প্রায় সাত মাস ধরে চলা সংঘাতের অবসানের সম্ভাবনা নিয়ে বাজারে আশাবাদ তৈরি হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার, ৮ সেপ্টেম্বরের পর প্রথমবারের মতো ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে আসে।

এদিকে ইরাকি মিলিশিয়াদের ড্রোন হামলার পর গত ১১ সেপ্টেম্বর সৌদি আরব তাদের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন বন্ধ করতে বাধ্য হয়েছিল। হরমুজ প্রণালি এড়িয়ে বৈশ্বিক চাহিদার প্রায় ৪ শতাংশ, অর্থাৎ দৈনিক ৪০ লাখ ব্যারেল তেল ইয়ানবু বন্দরে পরিবহনে সক্ষম এই পাইপলাইনটি মঙ্গলবার পুনরায় চালু করা হয়েছে। এতে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে।

অন্যদিকে ইরাকের তেলমন্ত্রী বাসিম মোহাম্মদ জানিয়েছেন, দেশটি থেকে অপরিশোধিত তেল রপ্তানি বেড়ে দৈনিক ৩০ লাখ ব্যারেলের বেশি হয়েছে। তুরস্কের মাধ্যমে এই রপ্তানি দৈনিক ৬ লাখ ব্যারেলে উন্নীত করার প্রক্রিয়াও চলছে।

এ ছাড়া ১৮ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রে তেলের মজুত ১ দশমিক ৮ মিলিয়ন ব্যারেল বেড়েছে। দেশটিতে জ্বালানি মজুত বৃদ্ধির পাশাপাশি মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ বাড়ার সম্ভাবনা বিশ্ববাজারে তেলের দামে নিম্নমুখী চাপ আরও জোরদার করেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...