Logo Logo

গোপালগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা


Splash Image

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জোবায়ের ভূঁইয়া (২২) নামে এক কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের পুখুরিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।


বিজ্ঞাপন


নিহত কলেজছাত্র জোবায়ের ভূঁইয়া একই ইউনিয়নের ঘোড়াদাইড় গ্রামের রমজান ভূঁইয়ার ছেলে। তিনি গোপালগঞ্জ শহরের হাজী লালমিয়া সিটি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

জোবায়েরের মৃত্যুর খবর পুখুরিয়া পৌঁছানোর পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সেখানে পুলিশ পাহারা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

গোপালগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম ওই কলেজ ছাত্রের মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, জোবায়ের এলাকায় ভদ্র ছেলে হিসেবে পরিচিত। তিনি ভাল ছাত্র ছিলেন। এলাকায় টিউশনী করতেন। তিন দিন আগে জোবায়ের পাশের গ্রামের শহিদ মোল্লার ছেলে সোহেল মোল্লাকে একটি বিষয় নিয়ে সতর্কমূলক বার্তা দেন। বিষয়টি নিয়ে সোহেল ক্ষুব্ধ ছিল। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে জোবায়ের সদর উপজেলার পুখুরিয়া গ্রামের একটি বাড়িতে শিক্ষার্থী পড়িয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ওই গ্রামেই বাক-বিতন্ডার এক পর্যায়ে সোহেলও তার বন্ধুরা জোবায়েরের উপর লাঠিসোটা নিয়ে হামলা করে। ঠেকাতে গিয়ে ছেলের সাথে বাবা রমজান ভূঁইয়া আহত হয়।

আহত জোবায়েরকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তার মৃত্যু হয়। আমরা সুরাতহাল রিপোর্ট করেছি। লাশ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, পদস্থ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা রয়েছে। এখন পর্যন্ত এ ব্যাপারে ওই কলেজ ছাত্রের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলেই মামলা দায়ের করা হবে। ময়না তদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হবে বলেও জানান ওই কর্মকর্তা।

নিহতের চাচা মোঃ হামিম ভূঁইয়া বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। আমরা এ ঘটনার ন্যায্য বিচার চাই। লাশের ময়না তদন্ত শুক্রবার গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতাল মর্গে সম্পন্ন হবে। তারপর লাশ বাড়িতে নিয়ে জানাযা শেষে দাফন করব। এসব কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার পর থানায় অভিযোগ দেব।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...