Logo Logo

নড়াইলে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ডাকসুর জিএস


Splash Image

কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের একক সম্পত্তি নয়, ক্যাম্পাস মূলত সাধারণ শিক্ষার্থীদের। শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নিজেদের যোগ্য, দক্ষ ও সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে দেশকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক জিএস ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ।


বিজ্ঞাপন


শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের মাল্টিপারপাস হলরুমে আয়োজিত জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নড়াইল জেলা শাখা এই বর্ণাঢ্য সংবর্ধনা সভার আয়োজন করে।

অনুষ্ঠানে নড়াইল জেলার এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৪০৪ জন মেধাবী শিক্ষার্থীকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধিত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে এস এম ফরহাদ শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিয়ে বলেন, পাঠ্যবই অধ্যয়নের পাশাপাশি নোট নেওয়ার অভ্যাস মেধা বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু সার্টিফিকেট অর্জনের পেছনে না ছুটে বাস্তবমুখী জ্ঞান ও দক্ষতা অর্জনে মনোযোগী হতে হবে, যেন ভবিষ্যৎ বাংলাদেশ পরিচালনার মূল নেতৃত্বে শিক্ষার্থীরা নিজেদের অধিষ্ঠিত করতে পারে।

তিনি বিশ্ব ইতিহাসের দার্শনিক ও তাত্ত্বিকদের প্রসঙ্গ টেনে বলেন, কার্ল মার্কসসহ অনেক দার্শনিকের চিন্তাধারা মানবজীবনের নির্দিষ্ট কিছু ক্ষেত্রে প্রভাব ফেললেও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ রাজনীতি, অর্থনীতি, নৈতিকতা ও সমাজনীতিসহ সামগ্রিক জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। সেই আদর্শের প্রভাব হাজার বছর ধরে বিশ্বজুড়ে সমানভাবে প্রাসঙ্গিক ও অটুট রয়েছে।

শিক্ষার্থীদের মানসিক গঠন ও জীবন পরিচালনার ক্ষেত্রে বই পড়ার গুরুত্ব তুলে ধরে তিনি নঈম সিদ্দিকীর লেখা ‘মানবতার বন্ধু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ এবং শায়খ আব্দুর রহমান আরিফীর ‘ইনজয় ইয়োর লাইফ’—গ্রন্থ দুটি অধ্যয়নের বিশেষ আহ্বান জানান।

জেলা ছাত্রশিবিরের সভাপতি তাজ মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক ডা. জায়েদ আহমাদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক তানভীর সিকদার, প্রকাশনা সম্পাদক মো. নুরুজ্জামান, এইচআরডি সম্পাদক মো. নাইমুল ইসলাম এবং ভিক্টোরিয়া কলেজ শাখার সভাপতি মো. ওয়াকিবুজ্জামান অভিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...