বিজ্ঞাপন
প্রয়াত শিল্প উদ্যোক্তা সামসন এইচ চৌধুরীর জন্মস্থান কাশিয়ানী উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের আড়ুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সকাল থেকেই ক্যাম্পে বিভিন্ন বয়সী মানুষের ভিড় দেখা যায়। ১৩ জন চিকিৎসক মেডিসিন, গাইনি, শিশু, চর্মরোগ ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের চিকিৎসা দেন। পাশাপাশি রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করা হয় এবং রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।
চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় মোঃ খায়ের মোল্লা বলেন, “কিছুদিন আগে পড়ে গিয়ে কোমরের হাড়ে আঘাত পেয়েছি। সেই সমস্যার চিকিৎসার জন্য এখানে এসেছি।”
আরেক নারী দীপ্তি সরকার বলেন, “আমি ও আমার বাচ্চা দুজনই অসুস্থ ছিলাম। আমি গাইনি চিকিৎসককে এবং আমার বাচ্চাকে শিশু চিকিৎসককে দেখিয়েছি। চিকিৎসকেরা প্রয়োজনীয় ওষুধ ও প্রেসক্রিপশন দিয়েছেন। বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে আমরা খুবই খুশি।”
স্থানীয় ইমাম বলেন, “স্কয়ার লিমিটেডের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসাসেবার উদ্যোগটি প্রশংসনীয়। বিশেষ করে দরিদ্র ও অসচ্ছল মানুষ, যাদের চিকিৎসক দেখানো বা ওষুধ কেনার সামর্থ্য নেই, তারা এ সেবা থেকে উপকৃত হচ্ছেন। এলাকার মানুষের জন্য এটি একটি ভালো উদ্যোগ।”
স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপক (বিক্রয়) এ এন এম হুমায়ুন কবির বলেন, “স্কয়ার ফার্মাসিউটিক্যালসের প্রয়াত চেয়ারম্যান স্যারের জন্মভূমি কাশিয়ানীর আড়ুয়াকান্দিতে তাঁর স্মরণে এ মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। এখানে মেডিসিন, চর্ম, শিশু ও গাইনি বিভাগের চিকিৎসকেরা সেবা দিচ্ছেন এবং রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে। মানুষের আগ্রহ ও উপকার দেখে আমরা আনন্দিত। এর আগে ৪০টির বেশি জেলায় প্রায় ৮০ হাজার রোগীকে সেবা দিয়েছি। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে জানান তিনি।
মেডিকেল ক্যাম্পের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করতে আসা সামসন এইচ চৌধুরীর পরিবারের সদস্য স্কয়ার ফার্মা’র আবাসিক উপদেষ্টা দবির উদ্দিন আহমেদ বলেন, “প্রায় ৬০ বছর পর স্কয়ারের ব্যবস্থাপনা এখানে যে চিকিৎসাসেবার উদ্যোগ নিয়েছে, তা প্রশংসনীয়। অর্থের অভাবে অনেক মানুষ চিকিৎসক দেখাতে পারেন না। বছরে অন্তত একবার হলেও এ ধরনের সেবা পেলে তারা উপকৃত হবেন। তাই উদ্যোগটি ভবিষ্যতেও চলমান থাকবে এটাই প্রত্যাশা।”
মেডিকেল ক্যাম্প পরিদর্শনে গিয়ে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেন, “স্কয়ারের প্রতিষ্ঠাতা প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর জন্মভূমিতে এ বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প গ্রামের সাধারণ ও দরিদ্র মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নারীদের জন্য গাইনি চিকিৎসকসহ বিভিন্ন বিভাগের চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে। এতে এলাকার মানুষ উপকৃত হচ্ছেন। অন্যান্য প্রতিষ্ঠান ও সামর্থ্যবান ব্যক্তিরাও এ ধরনের সেবামূলক কার্যক্রমে এগিয়ে এলে সাধারণ মানুষ আরও উপকৃত হবে।”
স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে জানানো হয়, শিল্প ও মানবসেবায় প্রয়াত সামসন এইচ চৌধুরীর অবদান স্মরণে এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। স্থানীয়রা এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতেও এ ধরনের ক্যাম্প আয়োজনের প্রত্যাশা জানিয়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...