Logo Logo

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার


Splash Image

ছবি : সংগৃহীত।

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিও ভাঙচুর এবং ওই জমিতে হামলার ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন।

পুলিশ জানায়, স্টুডিওর জমির মালিক নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড এবং এলাকার অন্যান্য জমির মালিকদের মধ্যে বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হামলার মূল পরিকল্পনাকারী শাহরিয়ার, ভাসানটেক বস্তির মো. মামুন এবং মজুমদার মোড় এলাকার আসলাম ও মুন্না।

পুলিশের তথ্য অনুযায়ী, নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের কাছ থেকে একটি ফ্লোর ভাড়া নিয়ে সেখানে ব্রাউনফিশ স্টুডিও তৈরি করেছিলেন সালমান মুক্তাদির। শনিবার দিবাগত রাতে দুই ট্রাকে করে লোকজন এসে স্টুডিওতে হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ করেন তিনি।

রাত পৌনে ২টার দিকে ব্রাউনফিশ স্টুডিওর ফেসবুক পেজ থেকে লাইভে এসে সালমান মুক্তাদির বলেন, ‘একটু আগে এখানে হামলা হয়েছে এবং পুরো স্টুডিও ধ্বংস করে দেওয়া হয়েছে।’

পরে তিনি অভিযোগ করেন, হামলাকারীদের মূল লক্ষ্য সম্ভবত ভবনের মালিক ছিলেন। তার কাছে চাঁদা দাবি করা হয়ে থাকতে পারে বলেও ধারণা প্রকাশ করেন সালমান।

ক্যান্টনমেন্ট থানার ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, নিউ গিনি প্রপার্টিজ ওই জমিতে একটি গেট তৈরি করে অন্যদের যাতায়াত বন্ধ করে দিয়েছিল। চলাচলে সমস্যার কারণে ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষের লোকজন সেখানে যায়।

তিনি আরও বলেন, ‘আমরা ইতোমধ্যে মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করেছি। বাকিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

এদিকে রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সম্ভবত ৩৫ কাঠার একটা ডিসপিউটেড ল্যান্ড। যেখানে দুই পক্ষের জায়গা-জমি নিয়ে বিরোধ আছে। এক পক্ষ নিউ গিনি প্রপার্টিজের। আরেক পক্ষ হলো একজন রিটায়ার্ড সিনিয়র সামরিক অফিসার। তাদের মধ্যেই বিরোধটা চলছিল। প্রাথমিক রিপোর্ট অনুসারে, রিটায়ার্ড কর্মকর্তার পক্ষে বেশ কিছু লোক রাতের অন্ধকারে এটা দখল করতে গিয়েছে।’

এ ঘটনায় নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের পক্ষ থেকে ইতোমধ্যে ক্যান্টনমেন্ট থানায় মামলা করা হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...