Logo Logo

মাদারীপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত


Splash Image

অবাধ তথ্যের অভিগম্যতা, সুশাসন নিশ্চিতকরণ এবং দুর্নীতি প্রতিরোধের গুরুত্বকে সামনে রেখে মাদারীপুরে উদযাপিত হয়েছে ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬’।


বিজ্ঞাপন


‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, মাদারীপুরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মর্জিনা আক্তার বলেন, তথ্য অধিকার ছাড়া জনগণের প্রকৃত ক্ষমতায়ন ও অধিকার নিশ্চিত করা সম্ভব নয়। সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে গুজব ও অপতথ্য প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। তিনি ২০০৯ সালের তথ্য অধিকার আইনের বহুল প্রচারের ওপর গুরুত্ব দেন এবং মাদারীপুরের সকল সরকারি দপ্তরের ওয়েবসাইট ও তথ্য পোর্টালে শতভাগ তথ্য হালনাগাদ রাখার কঠোর নির্দেশ প্রদান করেন।

সভায় সভাপতিত্ব করেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব জুয়েল আহমেদ। তিনি সরকারি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দপ্তরগুলোকে তথ্য অবারিত করার তাগিদ দেন। স্বাগত বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) চৌধুরী মুস্তাফিজুর রহমান সেবাকে জনবান্ধব ও তথ্য প্রবাহকে সহজীকরণের আহ্বান জানান।

সনাক সভাপতি খান মো. শহীদ দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদার ও সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা সৃষ্টির আহ্বান জানান। সনাক মাদারীপুরের এরিয়া কোঅর্ডিনেটর মোঃ এনায়েতুল্লাহ জেলার ৬০টি সরকারি দপ্তরের ওয়েব পোর্টাল পর্যবেক্ষণের ওপর তৈরি অনুসরণী (ফলোআপ) প্রতিবেদন তুলে ধরেন। এছাড়া সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (তথ্য ও অভিযোগ সেল) সাহেদ কবীর তথ্য চাওয়ার আইনি বাধ্যবাধকতা ও আপিল প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে সনাক সদস্য আঞ্জুমান আরা কবির টিআইবি’র ধারণাপত্রের সারসংক্ষেপ ও একগুচ্ছ সুপারিশ উপস্থাপন করেন। সুপারিশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—তথ্য কমিশন পুনর্গঠন, রাজনৈতিক দল ও নোট শিটকে তথ্য অধিকার আইনের আওতায় এনে আয়-ব্যয়ের হিসাব উন্মুক্ত করা, ডিজিটাল নজরদারি বন্ধ করা, প্রস্তাবিত ‘ডিজিটাল সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর বিতর্কিত ধারা বাতিল এবং আদিবাসী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য তথ্যের অভিগম্যতা সহজ করা।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, ইয়েস ও এসিজি সদস্যরা অংশ নেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...