Logo Logo

সুন্দর, পরিচ্ছন্ন, নিরাপদ ও নাগরিকবান্ধব ওয়ার্ড গড়তে চান শহিদ হাওলাদার


Splash Image

আসন্ন লালমোহন পৌরসভা নির্বাচনকে ঘিরে বিভিন্ন ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। ভোটারদের সঙ্গে যোগাযোগ, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং নাগরিক সমস্যা নিয়ে মতবিনিময়ের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। এরই মধ্যে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন সাবেক ছাত্রনেতা ও মিডিয়া ব্যক্তিত্ব মো. শহিদুল ইসলাম হাওলাদার।


বিজ্ঞাপন


শহিদুল ইসলাম হাওলাদার লালমোহন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। মানুষের বিপদে পাশে দাঁড়ানো, সামাজিক উদ্যোগে অংশগ্রহণ এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার কারণে ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার যোগাযোগ রয়েছে বলে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে।

বর্ণালী সড়ক, উত্তর বাজার ও মাস্টারপাড়া এলাকার কয়েকজন বাসিন্দা জানান, সামাজিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে শহিদুল ইসলামকে নিয়মিত সক্রিয় দেখা যায়। মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের যোগাযোগ থাকায় সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হিসেবে তাকে নিয়ে এলাকায় আলোচনা তৈরি হয়েছে।

নির্বাচনী রাজনীতির পাশাপাশি ৬ নম্বর ওয়ার্ডের নাগরিক সমস্যাগুলো নিয়েও কথা বলছেন শহিদুল ইসলাম। তার মতে, লালমোহন বাজারের একটি বড় অংশ এই ওয়ার্ডে হওয়ায় এখানকার নাগরিক সমস্যাগুলো অন্য অনেক ওয়ার্ডের তুলনায় কিছুটা ভিন্ন। যানজট, জলাবদ্ধতা, মশক নিধন, পরিচ্ছন্নতা, জননিরাপত্তা, সুপেয় পানি ও নাগরিক সেবার মানোন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন।

শহিদুল ইসলাম হাওলাদার বলেন, “আমি এ এলাকারই মানুষ। মানুষের সঙ্গে থেকে তাদের সমস্যা ও প্রত্যাশাগুলো কাছ থেকে দেখেছি। কাউন্সিলর হওয়ার সুযোগ পেলে একটি সুন্দর, পরিচ্ছন্ন, নিরাপদ ও নাগরিকবান্ধব ওয়ার্ড গড়ে তুলতে কাজ করতে চাই। শুধু নির্বাচনের সময় নয়, সারা বছর মানুষের পাশে থাকাটাই আমার লক্ষ্য।”

তিনি আরও বলেন, “৬ নম্বর ওয়ার্ডে বাজারকেন্দ্রিক নানা সমস্যা রয়েছে। যানজট ও জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্নতা ও মশক নিধন, জননিরাপত্তা, সুপেয় পানি এবং নাগরিক সেবার বিষয়গুলোকে অগ্রাধিকার দিতে চাই। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও তরুণদের জন্য ইতিবাচক কর্মকাণ্ডের সুযোগ বাড়ানোর বিষয়েও কাজ করতে চাই।”

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। প্রার্থিতা চূড়ান্ত হওয়া, রাজনৈতিক সমীকরণ ও সামগ্রিক নির্বাচনী পরিবেশের ওপর আগামী দিনের প্রচারণার ধরন অনেকটাই নির্ভর করবে।

তবে সামাজিক কর্মকাণ্ড ও জনসম্পৃক্ততার কারণে লালমোহন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য প্রার্থীদের আলোচনায় মো. শহিদুল ইসলাম হাওলাদারের নাম উঠে আসছে। এখন নির্বাচনী মাঠে তার দীর্ঘদিনের জনসম্পৃক্ততা এবং ওয়ার্ডের উন্নয়ন নিয়ে পরিকল্পনা কতটা ভূমিকা রাখে, সেটিই দেখার বিষয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...