Logo Logo

জলবায়ু ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় কমিটিতে এমপি আবুল হোসেন খানকে মনোনয়ন


Splash Image

ছবি : এমপি আবুল হোসেন খান

বাংলাদেশ জাতীয় সংসদের ‘পার্লামেন্টারি ককাস অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডিসপ্লেসমেন্ট’ (জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাস)-এর গুরুত্বপূর্ণ সদস্য মনোনীত হয়েছেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। বৈশ্বিক উষ্ণায়ন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের অন্যতম ঝুঁকিপূর্ণ দক্ষিণাঞ্চলের বাস্তুচ্যুত মানুষের অধিকার, পুনর্বাসন ও নীতিগত সহায়তা আদায়ে এ অন্তর্ভুক্তি এক তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।


বিজ্ঞাপন


জাতীয় সংসদ সচিবালয়ের আইপিএ অ্যান্ড এস উইং, আইপিআর সেকশন-২ থেকে সম্প্রতি জারি করা এক আনুষ্ঠানিক প্রজ্ঞাপনে ১০ সদস্যবিশিষ্ট এই সংসদীয় ককাস গঠনের কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে চেয়ারম্যান এবং বরিশাল-৬ আসনের সংসদ সদস্য আবুল হোসেন খানসহ আরও আটজন সংসদ সদস্যকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

জাতীয় সংসদের এই বিশেষ ককাসের মূল লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত কারণে বাস্তুচ্যুতি মোকাবিলায় জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, জাতীয় পর্যায়ে সমন্বিত নীতিগত উদ্যোগ জোরদার এবং বাস্তুচ্যুতি প্রতিরোধে জাতীয় কৌশল বাস্তবায়নে প্রয়োজনীয় কারিগরি সহায়তা নিশ্চিত করা হবে। এ ছাড়া বিশ্বমঞ্চে জলবায়ু কূটনীতি ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সংসদ সদস্যদের সক্ষমতা বৃদ্ধি এবং নীতি নির্ধারণে সক্রিয় অবদান রাখাও এই ফোরামের অন্যতম দায়িত্ব।

ককাসের কার্যপরিধিতে আরও বলা হয়, সংসদ সদস্যরা যেন নিজ নিজ নির্বাচনী এলাকায় জলবায়ু ঝুঁকিতে থাকা এবং নদীভাঙনে ভিটেমাটি হারানো বাস্তুচ্যুত জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক সহনশীলতা গড়ে তুলতে তৃণমূলের বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতে কার্যকর ভূমিকা পালন করতে পারেন, সেই পরিবেশ তৈরি করা হবে।

বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানকে জাতীয় পর্যায়ের এই বিশেষ ফোরামে অন্তর্ভুক্ত করায় বাকেরগঞ্জসহ পুরো দক্ষিণাঞ্চলের সর্বস্তরের মানুষ ও দলীয় নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে। স্থানীয় সুশীল সমাজ ও সচেতন মহল আশা প্রকাশ করেন, কারখানা, উপকূলের ভাঙন ও জোয়ার-ভাটায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের সমস্যা নিরসনে তিনি জাতীয় সংসদে সোচ্চার ভূমিকা পালন করবেন। নদীভাঙন রোধ, টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং গৃহহীন পরিবারের টেকসই পুনর্বাসনের বিষয়গুলো তিনি জোরালোভাবে জাতীয় ও আন্তর্জাতিক ফোরামে তুলে ধরবেন।

এদিকে এ গুরুত্বপূর্ণ সংসদীয় ককাসের সদস্য মনোনীত করায় সংসদ সদস্য আবুল হোসেন খান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তিনি বলেন, অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে দক্ষিণাঞ্চলের জলবায়ু উদ্বাস্তুদের ন্যায্য অধিকার ও সুরক্ষা নিশ্চিতে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...