Logo Logo

সমন্বিত পরিচ্ছন্নতা অভিযানে নতুন রূপ বাকেরগঞ্জ পৌর শহরে


Splash Image

পৌর প্রশাসন ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনার ফলে বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার রাস্তাঘাট ও অলিগলিতে ইতোমধ্যে পরিবর্তনের ছোঁয়া লেগেছে। কয়েক দিনের ধারাবাহিক পরিচ্ছন্নতা অভিযানে পৌর শহরের বিভিন্ন সড়কের চেহারাও পাল্টে গেছে।


বিজ্ঞাপন


নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের ফলে বাকেরগঞ্জ পৌর এলাকার পরিবেশে ইতিবাচক পরিবর্তন এসেছে। পৌরসভাকে একটি বাসযোগ্য ও সুন্দর পরিবেশের শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে উপজেলা ও পৌর প্রশাসন, পৌর বিএনপির রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় বাকেরগঞ্জ পৌর এলাকার সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু নিয়ন্ত্রণ, এডিস মশা নিধন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নেওয়া এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পৌরবাসী। পাশাপাশি কার্যক্রমের সঙ্গে স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয় তরুণ সমাজের সম্পৃক্ততা সবার কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে।

বাকেরগঞ্জ পৌর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান সাময়িক কোনো কার্যক্রম নয়। এখন থেকে নিয়মিতভাবে এ কার্যক্রম পরিচালনা করা হবে। একই সঙ্গে পৌরবাসীর প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে এগিয়ে আসতে হবে।

পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) অভ্রজ্যোতি বড়াল বলেন, এখন থেকে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে। প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নিতে হবে।

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিতে আসা পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি সপ্তাহে অন্তত এক দিন নিজের বাড়ি, স্কুল-কলেজ, প্রতিষ্ঠান ও আশপাশের এলাকা কমপক্ষে এক ঘণ্টা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, এরই অংশ হিসেবে পৌর বিএনপি ও পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে সাধারণ মানুষের অংশগ্রহণে তিলোত্তমা পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে নিয়মিতভাবে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে।

প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...