ছবিঃ ইন্টারনেট
বিজ্ঞাপন
আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। এরপরই বেজে ওঠার কথা ছিল বিয়ের সানাই। দুই পরিবারেই চলছিল উৎসবের আমেজ, সারা হয়ে গিয়েছিল নতুন জীবনের কেনাকাটাও। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এক নিমেষেই সব আনন্দ ফিকে হয়ে গেল। বিয়ের পিঁড়িতে বসার আগেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন সিনিয়র স্টাফ নার্স বৃষ্টি ঘরামী (২৫)। তবে মৃত্যুর কাছে পরাজিত হয়েও ভালোবাসার বন্ধন ছিন্ন হতে দেননি তার হবু বর সবুজ মণ্ডল; বৃষ্টির নিথর কপালে সিঁদুর পরিয়ে তাকে দিলেন স্ত্রীর পূর্ণ মর্যাদা।
হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের নৈয়ারবাড়ী গ্রামে। নিহত বৃষ্টি ঘরামী ওই গ্রামের সন্তান এবং ঢাকার মোহাম্মদপুরের ট্রমা সেন্টারে সিনিয়র স্টাফ নার্স হিসেবে মানুষের সেবায় নিয়োজিত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী ১৬ অক্টোবর সবুজ মণ্ডলের সঙ্গে বৃষ্টির শুভবিবাহের দিনক্ষণ চূড়ান্ত ছিল। সেই অনুযায়ী বিয়ের সমস্ত প্রস্তুতিও প্রায় শেষপর্যায়ে নিয়ে এসেছিল দুই পরিবার। কিন্তু গত শুক্রবার হঠাৎ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন বৃষ্টি। বিয়ের আনুষ্ঠানিকতা সমাপ্ত না হলেও সবুজের আকুল ইচ্ছা এবং দুই পরিবারের উপস্থিত সম্মতিতে বৃষ্টির কপালে সিঁদুর পরিয়ে তাকে স্ত্রীর আনুষ্ঠানিক মর্যাদা প্রদান করা হয়।
বৃষ্টির বোন মেঘনা ঘরামী কান্নাজড়িত কণ্ঠে জানান, সবুজের একান্ত ইচ্ছাতেই বৃষ্টির নিথর দেহে সিঁদুর পরানো হয়। ঢাকা থেকে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসার সময় সবুজের বাবা-মা বিয়ের জন্য কেনা নতুন জামাকাপড় ও গহনাগাটি সঙ্গে নিয়ে এসেছিলেন। সেই বিয়ের পোশাক ও গহনা পরিয়েই সম্পন্ন করা হয় বৃষ্টির অন্ত্যেষ্টিক্রিয়া।
জীবনসঙ্গীকে এমন অকালে হারিয়ে হবু বর সবুজ মণ্ডল ও দুই পরিবারের সদস্যদের মাঝে এখন শুধুই আহাজারি। আনন্দঘন বিয়ের বাড়ি মুহূর্তেই পরিণত হয়েছে শোকের মাতমে। বৃষ্টির এমন করুণ প্রয়াণে এবং সবুজের ভালোবাসার এই অমর দৃষ্টান্ত দেখে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...