Logo Logo

বাকেরগঞ্জে আমনের সবুজ গালিচায় কৃষকের সোনালি স্বপ্ন


Splash Image

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মাঠজুড়ে এখন আমন ধানের সবুজ সমারোহ। বিস্তীর্ণ ফসলের মাঠ যেন সবুজের গালিচায় মোড়ানো। দিগন্তজোড়া সবুজের মাঝে দুলছে আমন ধানের চারা। আর সেই সবুজ ক্ষেত ঘিরেই ভালো ফলনের আশায় স্বপ্ন বুনছেন উপজেলার হাজারো কৃষক।


বিজ্ঞাপন


উপজেলার ১৪টি ইউনিয়নের বিভিন্ন মাঠ-প্রান্তরে এখন চোখজুড়ানো আমন ফসলের সমারোহ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষকের ব্যস্ততা চলছে ক্ষেতের পরিচর্যায়। আগাছা পরিষ্কার, সার প্রয়োগ, রোগবালাই দমনসহ নানা কাজে সময় কাটছে তাদের। অনুকূল আবহাওয়া বজায় থাকলে চলতি আমন মৌসুমে আশানুরূপ ফলনের প্রত্যাশা করছেন কৃষকেরা।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকার আমনক্ষেত ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আমন ধান রোপণের পর এখন পর্যন্ত অধিকাংশ ক্ষেতের অবস্থা ভালো রয়েছে। বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় স্বস্তিতে রয়েছেন তারা। তবে মৌসুমের শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকাটাকেই ভালো ফলনের প্রধান শর্ত হিসেবে দেখছেন কৃষকেরা।

কৃষকেরা জানান, বর্তমানে ক্ষেতের ধান বেশ ভালো অবস্থায় রয়েছে। সময়মতো পরিচর্যা করতে পারলে এবং শেষ সময়ে ঝড়-বৃষ্টি বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার ভালো ফলন পাওয়ার আশা করছেন তারা। তাই প্রত্যাশিত ফলনের জন্য নিয়মিত ক্ষেতের যত্ন নিচ্ছেন কৃষকেরা।

এদিকে আমন ধানের উৎপাদন বাড়াতে মাঠপর্যায়ে কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছে উপজেলা কৃষি বিভাগ। রোগবালাই দেখা দিলে তা দ্রুত শনাক্ত ও দমনের পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তি ও সঠিক পরিচর্যার বিষয়ে কৃষকদের সচেতন করা হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইছা জানান, চলতি মৌসুমে বাকেরগঞ্জ উপজেলায় মোট ২৭ হাজার ৫০০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এ ছাড়া আমন চাষে সহায়তার আওতায় ২ হাজার ২০০ জন কৃষকের প্রত্যেককে ২০ কেজি সার ও ৫ কেজি করে ধানবীজ বিতরণ করা হয়েছে।

তিনি বলেন, বর্তমানে আমন ধানের ক্ষেতগুলোর অবস্থা ভালো। আবহাওয়া অনুকূলে থাকলে এবং বড় ধরনের কোনো প্রাকৃতিক বিপর্যয় না হলে চলতি মৌসুমে আমনের ভালো ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে।

সবুজে ছাওয়া বিস্তীর্ণ আমনক্ষেত এখন তাই কৃষকের চোখে শুধু ফসল নয়, এটি তাদের সংসারের স্বচ্ছলতা ও আগামী দিনের সোনালি স্বপ্নের প্রতিচ্ছবি।

প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...