বিজ্ঞাপন
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বৈদ্যেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জান্নাতুল ইসলাম রাফা বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট এলাকার বাসিন্দা এবং কুঞ্জেরহাটের একটি ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবটেকনোলজিস্ট সোহেল মিয়ার মেয়ে। শিশুটির মা লালমোহন উপজেলার মধ্য চরটিটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে মায়ের সঙ্গে স্কুলে যাওয়ার জন্য বাবার মোটরসাইকেলে ওঠে শিশু রাফা। মোটরসাইকেলটি বৈদ্যেরপুল এলাকায় পৌঁছালে পাশের একটি সড়ক থেকে একটি পিকআপভ্যান হঠাৎ মহাসড়কে উঠে আসে। এ সময় পিকআপভ্যানটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা রাফাসহ তিনজন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক শিশু রাফাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তার বাবা-মাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা পিকআপভ্যানটি আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও পিকআপভ্যানটি জব্দ করে থানায় নিয়ে যায়। তবে পিকআপভ্যানের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে পিকআপভ্যানটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...