Logo Logo

টুঙ্গিপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫


Splash Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের যন্ত্রাংশ (পার্টস) চুরির ঘটনাকে কেন্দ্র করে গিমাডাঙ্গা ও শ্রীরামকান্দি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। সংঘর্ষের সময় প্রায় এক ঘণ্টা পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় যান চলাচল বন্ধ ছিল।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে টুঙ্গিপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, দুই দিন আগে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর থেকে গিমাডাঙ্গা গ্রামের রোমান শেখের মোটরসাইকেলের কয়েকটি যন্ত্রাংশ চুরি হয়। পরে হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ দেখে গওহরডাঙ্গা গ্রামের তাহিন ও হাসান নামে দুই যুবককে শনাক্ত করা হয়।

মঙ্গলবার বেলা ১২টার দিকে ওই দুই যুবককে কলেজের সামনে পেয়ে রোমানসহ কয়েকজন তাদের জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তাহিন ও হাসান পার্শ্ববর্তী শ্রীরামকান্দি গ্রামের তাদের বন্ধুদের ডাকলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

এর জেরে দুপুরে পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় গিমাডাঙ্গা ও শ্রীরামকান্দি গ্রামের লোকজন ইটপাটকেল নিক্ষেপ করে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে প্রায় এক ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে টুঙ্গিপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। তবে মামলা হওয়ার আশঙ্কায় আহতরা হাসপাতালে ভর্তি না হয়ে স্থানীয় গ্রাম্য চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় গিমাডাঙ্গা ও শ্রীরামকান্দি গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তিনি আরও বলেন, উভয় পক্ষের কারও কোনো অভিযোগ থাকলে তা থানায় লিখিতভাবে জানানোর জন্য বলা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...