বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার চরজানাজাত উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। তিনি বলেন, “মা ইলিশ সংরক্ষণ শুধু সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের নৈতিক দায়িত্ব। দেশের জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।” এ সময় তিনি সরকারি নিষেধাজ্ঞা মেনে ২২ দিন নদীতে মাছ ধরা থেকে বিরত থাকার জন্য জেলেদের প্রতি আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণে নদ-নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা, পরিবহন, মজুদ ও বাজারজাতকরণ নিষিদ্ধ। এ সময়ে সরকারি নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য তিনি জেলেদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জেলে পরিবারের প্রত্যেককে ২৫ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়।
বিশেষ অতিথির বক্তব্যে মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালা বলেন, প্রতিবছর মা ইলিশ সংরক্ষণে নির্ধারিত সময়ে জেলেরা মাছ ধরা থেকে বিরত থাকেন। এবারও ২২ দিন সবাইকে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলতে হবে। ইলিশ দেশের জাতীয় সম্পদ উল্লেখ করে এ সম্পদ রক্ষায় জেলেসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
এ সময় মাদারীপুরের জেলা প্রশাসক মিস মর্জিনা আক্তার, পুলিশ সুপার ফজলে এলাহী, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান, শিবচর থানা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানা, বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা চৌধুরী মিঠুসহ উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিপুলসংখ্যক জেলে উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নিষেধাজ্ঞার ২২ দিন নদীতে মাছ ধরা থেকে বিরত থাকা এবং ইলিশ শিকার, পরিবহন, মজুদ ও বিক্রি বন্ধে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।
নিষেধাজ্ঞা চলাকালে নদ-নদীতে অবৈধভাবে ইলিশ শিকারসহ নিষিদ্ধ কার্যক্রম বন্ধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...