Logo Logo

নড়াইলে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত


Splash Image

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী নড়াইলে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।


বিজ্ঞাপন


এ উপলক্ষে শনিবার (১০ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশনের উদ্যোগে চিত্রা নদীর তীরবর্তী মাছিমদিয়া গ্রামে শিল্পীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, দোয়া ও মোনাজাত, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোস্তাফিজুর রহমান আলেক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল, এস এম সুলতান ফাউন্ডেশনের সদস্যসচিব ইকবাল হোসেন সিকদার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক বিমানেশ চন্দ্র বিশ্বাস, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক মশিউর রহমান বাবু, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি এবং এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ হানিফসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে শিল্পীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও তাঁর আত্মার শান্তি কামনায় দোয়া-মোনাজাত করা হয়। এ ছাড়া আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শিল্পীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এস এম সুলতান ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্য দিয়ে শিল্পীর জীবন, কর্ম ও শিল্পসাধনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত ব্যক্তিরা।

বরেণ্য এই চিত্রশিল্পী ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মেছের আলী এবং মা মাজু বিবি। জন্মস্থান নড়াইলের মাটিতেই বেড়ে ওঠা এই শিল্পী তাঁর অনন্য চিত্রকর্মের মাধ্যমে দেশ-বিদেশে পরিচিতি লাভ করেন। তাঁর স্মৃতি ও শিল্পকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে প্রতিবছর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে স্মরণ করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...