Logo Logo

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ


Splash Image

খুলনায় অভিযান শেষে ফেরার পথে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন জেলা পুলিশের পরিদর্শক শাহ আলম (৪৩)। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিনগত রাত আড়াইটার দিকে এ ঘটনার পর ডিউটিতে থাকা পুলিশ সদস্যদের ব্যক্তি নিরাপত্তা নিশ্চিত করার জন্য নির্দেশনা দিয়ে শুক্রবার (৯ অক্টোবর) পত্র জারি করেছে জেলা পুলিশ।


বিজ্ঞাপন


জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে জারি করা পত্রে উল্লেখ করা হয়, চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রতিক সময়ের বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় বিশেষ অভিযান চলমান রয়েছে। ইদানীং আইনশৃঙ্খলা বাহিনীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা পরিলক্ষিত হচ্ছে।সেখানে বলা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিশেষ অভিযানসহ অন্যান্য ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্যক্তি নিরাপত্তা নিশ্চিত করাসহ রাত্রিকালে একাকী চলাচল না করার জন্য নির্দেশ প্রদান করা হলো। এ বিষয়ে ইউনিট ইনচার্জরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

খুলনা জেলা পুলিশের একজন কর্মকর্তা বলেন, খুলনায় অপরাধীরা সংঘবদ্ধভাবে অপরাধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অপরাধীদের ঘাঁটি চিহ্নিত করে জেলা পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। পুলিশের মনোবল ভাঙতে পরিদর্শক শাহ আলমের ওপর এ হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, এ ধরনের হামলার পর সাধারণ মানুষের মধ্যেও ভীতি তৈরি হতে পারে। এজন্য বিশেষ অভিযান চলাকালীন সময়ে পুলিশ সদস্যদের ব্যক্তি নিরাপত্তা নিশ্চিত করে চলাচলের জন্য অবগত করা হয়েছে।খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, জনগণের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কাজ করছি। একই সঙ্গে পুলিশ বাহিনীর সদস্যদেরও ব্যক্তি নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব দিতে বলা হয়েছে।

তিনি বলেন, আহত পুলিশ সদস্যকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। তিনি বর্তমানে আশঙ্কামুক্ত। আমরা অপরাধ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ করছি। জনগণের সর্বোচ্চ নিরাপত্তায় আমরা কাজ করছি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিনগত রাত আড়াইটার দিকে ছিনতাইকারীদের চাপাতির আঘাতে গুরুতর আহত হন জেলা পুলিশের পরিদর্শক শাহ আলম। মহানগরীর সদর থানাধীন কলেজিয়েট স্কুলের সামনে এ ঘটনা ঘটে। এসময় তার দুটি মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

জানা যায়, রূপসা নদীর ওপারে অভিযান শেষে রিকশায় করে শহরে ফিরছিলেন শাহ আলম। কলেজিয়েট স্কুলের সামনে পৌঁছালে ছিনতাইকারীরা তার পথরোধ করে। এসময় মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। একপর্যায়ে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে দুটি মোবাইল ফোন ও টাকা নিয়ে পালিয়ে যায়।

পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...