Logo Logo

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ অভিযান, ৪ মামলায় জরিমানা


Splash Image

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে ঝালকাঠি শহরে সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ সময় অপরিচ্ছন্ন পরিবেশে ময়লা-আবর্জনা ফেলে রাখা ও পানি জমে থাকার মতো অনিয়মের দায়ে চারটি মামলায় মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সচেতনতামূলক র‍্যালিটি বের করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। পরে শহরের ফায়ার সার্ভিস মোড়, রোনালস রোড, প্রেসক্লাবের সামনের এলাকা, পৌর সিটি পার্ক ও এর আশপাশে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়। অভিযানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা, সিনিয়র সহকারী কমিশনার মো. উবায়দুর রহমান সাহেল এবং সহকারী কমিশনার (শিক্ষানবিশ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ সাইফুল্লাহ নাসিমসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। এ ছাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সচেতন নাগরিকেরাও কর্মসূচিতে অংশ নেন।

অভিযান চলাকালে শহরের বিভিন্ন স্থানে অপরিচ্ছন্ন পরিবেশ, দোকান ও অফিসের সামনে অপ্রয়োজনীয় কাগজপত্রসহ ময়লা-আবর্জনা ফেলে রাখা এবং পানি জমে থাকার বিষয়গুলো নজরে আসে। এসব অনিয়মের দায়ে আইন অনুযায়ী চারটি মামলায় মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংস করার পাশাপাশি বাড়িঘর, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। এ জন্য জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এককভাবে কারও পক্ষে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয়।

জনস্বাস্থ্য সুরক্ষা ও ডেঙ্গুর বিস্তার রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ও পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখা হবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...