Logo Logo

মাদারীপুরে জব্দকৃত ১০ হাজার কেজি পলিথিন নিলামে বিক্রি


Splash Image

মাদারীপুরে বিভিন্ন সময়ে জব্দ করা ১০ হাজার কেজি অবৈধ পলিথিন নিলামে বিক্রি করেছে প্রশাসন। রোববার দুপুরে জেলা প্রশাসনের কার্যালয়ের পেছনে নিলামপ্রাপ্ত প্রতিষ্ঠানের প্রতিনিধির কাছে এসব পলিথিন বুঝিয়ে দেওয়া হয়।


বিজ্ঞাপন


এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেদ কবির ও পরিবেশ অধিদপ্তরের মাদারীপুরের সহকারী পরিচালক আরিফুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিলামের আগে জব্দ করা পলিথিনগুলো ওজন করা হয়। পরে বস্তা থেকে বের করে সেগুলো কেটে ছোট ছোট টুকরো করা হয়। এরপর নিলামে অংশ নেওয়া চট্টগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান শাহজালাল প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং হাউসের প্রতিনিধির কাছে পলিথিনগুলো হস্তান্তর করা হয়।

নিলামের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে পাঁচটি ঠিকাদারি প্রতিষ্ঠান এতে অংশ নেয়। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ দরদাতা হিসেবে শাহজালাল প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং হাউস নিলামে পলিথিনগুলো পায়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ৫ লাখ ৬৭ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের মাদারীপুরের সহকারী পরিচালক আরিফুল ইসলাম জানান, জেলার বিভিন্ন স্থান থেকে এসব অবৈধ পলিথিন জব্দ করা হয়েছিল। পরে আদালতের নির্দেশনা ও রাষ্ট্রীয় স্বার্থ বিবেচনায় নিয়ে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে নিলামের ব্যবস্থা করে।

তিনি আরও জানান, চুক্তি অনুযায়ী, নিলামপ্রাপ্ত প্রতিষ্ঠানটি টুকরো করা পলিথিনগুলো পুনর্ব্যবহারযোগ্য (রিসাইকেল) করার পর বিশেষ প্রযুক্তির সাহায্যে প্রক্রিয়াজাত করে নতুন পণ্য অথবা কাঁচামালে রূপান্তর করবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...