Logo Logo

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে জাতীয় সেমিনার অনুষ্ঠিত


Splash Image

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


আজ ১১ অক্টোবর ২০২৬, রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে ‘ Lived Experiences to Meaningful Change: Promoting Clinical Social Work Practice in Mental Health’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়। ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ( CSWAB) এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. সাইফুন নাহার। সেমিনারে সভাপতিত্ব করেন ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (CSWAB)-এর সভাপতি ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তাহ্‌মিনা আখতার। তিনি সেমিনারে মূল প্রবন্ধও উপস্থাপন করেন। স্বাগত বক্তব্য দেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এম শাহীন খান।

সেমিনারে সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. তাহ্‌মিনা আখতার সমাজকর্ম পেশার মর্যাদা প্রতিষ্ঠা এবং জনগণের জন্য কার্যকর ও সমন্বিত মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমাজকর্ম বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকারভিত্তিক নিয়োগব্যবস্থা পুনর্বহাল ও ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কারদের পেশাগত স্বীকৃতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সমাজসেবা অফিসার ও সহকারী সমাজসেবা অফিসার পদে সমাজকর্ম ও সমাজকল্যাণ বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দিয়ে নিয়োগ নিশ্চিত করা প্রয়োজন।

২০১৯ সাল পর্যন্ত প্রচলিত অগ্রাধিকারের বিধান পরিবর্তনের ফলে এসব পদে বিষয়ভিত্তিক জ্ঞান ও পেশাগত দক্ষতার যথাযথ প্রয়োগের সুযোগ সংকুচিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকারভিত্তিক নিয়োগ নিশ্চিত করা হলে সরকারি প্রশিক্ষণ ব্যয়ের অপ্রয়োজনীয় পুনরাবৃত্তি কমবে এবং অর্জিত জ্ঞান ও দক্ষতার যথাযথ ব্যবহার সম্ভব হবে। এর মাধ্যমে ‘Right Person in the Right Place’ নীতি বাস্তবায়ন করে জনগণকে আরও দক্ষ ও মানসম্মত সেবা প্রদান করা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মানসিক স্বাস্থ্যসেবায় ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কারদের নিয়োগ, উপযুক্ত পদ সৃষ্টি এবং পেশাগত স্বীকৃতি নিশ্চিত করার আহ্বান জানিয়ে অধ্যাপক ড. তাহ্‌মিনা আখতার বলেন, হাসপাতাল সমাজসেবা কার্যক্রম, কিশোর-কিশোরী উন্নয়ন কেন্দ্র, মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালগুলোতে ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কারদের জন্য উপযুক্ত পদ সৃষ্টি ও নিয়োগের ব্যবস্থা গ্রহণ জরুরি। তিনি আরও বলেন, মানসিক স্বাস্থ্য কেবল ব্যক্তির চিকিৎসার বিষয় নয়; এর সঙ্গে পারিবারিক পরিবেশ, সামাজিক সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা এবং সামগ্রিক জীবনযাপনের বাস্তবতা গভীরভাবে জড়িত। তাই সমন্বিত মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সাইকিয়াট্রিস্ট, ক্লিনিক্যাল ও কাউন্সেলিং সাইকোলজিস্ট, সাইকোথেরাপিস্ট ও সাইকোসোশ্যাল কাউন্সেলরদের পাশাপাশি ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কারদেরও যথাযথভাবে সম্পৃক্ত করতে হবে।

অধ্যাপক ড. তাহ্‌মিনা আখতার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষিত সোশ্যাল ওয়ার্কার, ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার, মনোবিজ্ঞানী ও কাউন্সিলর নিয়োগের উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পরিবার ও কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বৃদ্ধি, মানসিক সমস্যার ঝুঁকি প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং প্রয়োজন অনুযায়ী মানুষকে উপযুক্ত সেবার আওতায় আনার আহ্বান জানান তিনি। বক্তব্যের শেষে তিনি সমাজকর্ম পেশার মর্যাদা প্রতিষ্ঠা, সমন্বিত মানসিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...