বিজ্ঞাপন
সোমবার (১২ অক্টোবর) দুপুরে রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি এলাকায় অবস্থিত হাসপাতাল কমপ্লেক্স ও ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন করেন তিনি। হাসপাতালটির আলট্রাসনোগ্রাম মেশিন চুরি হওয়া, এক্স-রে মেশিন ও রোগী পরিবহনের অ্যাম্বুলেন্স অচল পড়ে থাকা এবং চিকিৎসাসেবা দেওয়ার তথ্য সংরক্ষণে অসংগতি থাকার বিষয়টি উঠে এসেছে তাঁর পরিদর্শনে।
পরিদর্শন শেষে সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল সাংবাদিকদের বলেন, হাসপাতালে গিয়ে চিকিৎসাসেবা কার্যক্রম প্রায় বন্ধ অবস্থায় পাওয়া গেছে। আলট্রাসনোগ্রাম মেশিন চুরি হয়েছে। এক্স-রে মেশিন ও জরুরি রোগী পরিবহনের অ্যাম্বুলেন্স দীর্ঘদিন ধরে অচল পড়ে আছে। হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে চিকিৎসক ও কর্মচারীরা সেখানে কর্মরত রয়েছেন। তাঁদের অন্যত্র বদলি করা হয়নি বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, হাসপাতালের একটি রেজিস্টার খাতায় ওই দিন ১৯৩ জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া ও ওষুধ সরবরাহের তথ্য দেখানো হয়েছে। তবে কোন রোগের চিকিৎসা দেওয়া হয়েছে, কী ধরনের শারীরিক সমস্যা নিয়ে রোগীরা এসেছিলেন কিংবা তাঁদের কী ওষুধ দেওয়া হয়েছে, সে বিষয়ে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ দেখাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। পরিদর্শনের সময় সরেজমিনে কোনো রোগীকেও পাওয়া যায়নি।
এমপি জামাল বলেন, ইসলামিক ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত এ হাসপাতাল থেকে স্থানীয় মানুষের মানসম্মত চিকিৎসাসেবা পাওয়ার কথা। কিন্তু বাস্তবে সেবার কার্যক্রমে নানা অসংগতি দেখা গেছে। এসব অনিয়মের বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হবে এবং প্রয়োজনীয় তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে। সাধারণ মানুষ যাতে যথাযথ চিকিৎসাসেবা পান, তা নিশ্চিত করতে হবে।
পরিদর্শনকালে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবুল খায়ের মাহমুদ রাসেল, ঝালকাঠি জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. আলম হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।#
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...