বিজ্ঞাপন
এ সময় কারখানাটিতে শিশুদের খাদ্য তৈরিতে ব্যবহৃত রাসায়নিক পদার্থ ও অবৈধ পলিথিন পাওয়া যায়। পরে এসব সামগ্রী বিনষ্ট করা হয়।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে শহরের কলেজ মোড় এলাকার সেলিনা ভিলা নামের একটি ভবনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ঝালকাঠি সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এস এম মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভবনটির ভেতরে অনুমোদনহীনভাবে শিশুদের খাদ্য তৈরির তথ্য পেয়ে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি শিশুদের খাদ্য তৈরিতে ব্যবহৃত রাসায়নিক পদার্থ ও অবৈধ পলিথিন জব্দ করে পরে বিনষ্ট করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভবনটিতে ‘মেসার্স তাকা লাইফ ফুড প্রোডাক্ট’ নামে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছিল। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হিসেবে মো. কামাল হোসেনের নাম জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, ভবনটিতে শিশুদের খাদ্য উৎপাদনের কার্যক্রম চললেও বাইরে প্রতিষ্ঠানের কোনো দৃশ্যমান সাইনবোর্ড ছিল না। প্রতিষ্ঠানটির উৎপাদিত খাদ্য ঝালকাঠি ছাড়াও পিরোজপুর, বানারীপাড়া, মঠবাড়িয়া, কাঁঠালিয়া, রাজাপুর, স্বরূপকাঠি, বাকেরগঞ্জ, উজিরপুর ও নাজিরপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো বলে স্থানীয়ভাবে জানা গেছে। জব্দ করা রাসায়নিক পদার্থের প্রকৃতি, উৎপাদিত খাদ্যের নিরাপত্তা এবং প্রতিষ্ঠানটির অনুমোদনসংক্রান্ত নথিপত্র যাচাইয়ের বিষয়েও বিস্তারিত তথ্য জানা যায়নি।
শিশুদের খাদ্য উৎপাদনে নিরাপদ উপাদানের ব্যবহার, স্বাস্থ্যবিধি অনুসরণ ও মান নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের খাদ্যপণ্যের নিরাপত্তা নিশ্চিত করতে উৎপাদিত খাদ্যের নমুনা পরীক্ষা এবং প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অনুমোদন যাচাই করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...