Logo Logo

দেশজ জ্ঞানচর্চা ও মুক্ত পাঠাগার প্রতিষ্ঠায় তাঁর অবদান স্মরণ

গোবিপ্রবিতে কাজী মসিউর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত


Splash Image

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ইংরেজি বিভাগের সাবেক শিক্ষক, অনুবাদক, লেখক ও বি-ঔপনিবেশিক চিন্তক কাজী মসিউর রহমান রাজীবের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৩ অক্টোবর) তাঁর একসময়ের কর্মস্থল ইংরেজি বিভাগের উদ্যোগে আয়োজিত স্মরণানুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, সহকর্মী ও প্রাক্তন শিক্ষার্থীরা তাঁর জীবন, কর্ম ও চিন্তাধারা নিয়ে স্মৃতিচারণ করেন।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৫১২ নম্বর কক্ষে সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এ অনুষ্ঠান চলে। তথ্যচিত্র প্রদর্শনী, আলোচনা ও স্মৃতিচারণের মধ্য দিয়ে তাঁকে স্মরণ করা হয়। অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করা হয়। শেষে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

কাজী মসিউর রহমান (১৯৮৪–২০২১) শিক্ষকতার পাশাপাশি অনুবাদ, লেখালেখি ও বিকল্প শিক্ষাভাবনা নিয়ে কাজ করতেন। দেশজ জ্ঞানচর্চা ও শিক্ষা আন্দোলনের দর্শনে উদ্বুদ্ধ হয়ে তিনি পিরোজপুরে নিজের গ্রামে ‘চেরাগ’ নামে একটি মুক্ত পাঠাগার গড়ে তোলেন। পাঠাগারটির মাধ্যমে গ্রামীণ মানুষের মধ্যে বই পড়া ও জ্ঞানচর্চার সুযোগ সৃষ্টির উদ্যোগ নেন তিনি।

অনুবাদক হিসেবেও তাঁর পরিচিতি ছিল। হেলেনা নরবার্গ-হজের সুখের অর্থনীতি বইটি বাংলায় অনুবাদ করেন তিনি। বইটিতে স্থানীয় অর্থনীতি, প্রকৃতি, সংস্কৃতি ও মানুষের জীবনযাপনের সম্পর্ক নিয়ে বিকল্প উন্নয়নচিন্তা তুলে ধরা হয়েছে। দেশজ জ্ঞান, শিক্ষা ও সমাজ নিয়ে তাঁর চিন্তাভাবনা তাঁকে সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে স্বতন্ত্র পরিচিতি দিয়েছিল।

২০২১ সালের ১৩ অক্টোবর পিরোজপুর-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পিরোজপুরের নাজিরপুর উপজেলার কবিরাজবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন কাজী মসিউর রহমান।

স্মরণানুষ্ঠানে বক্তারা কাজী মসিউর রহমানের মানবিক মূল্যবোধ, নাগরিক দায়িত্ববোধ, দেশজ জ্ঞানচর্চা ও মুক্ত পাঠাগার প্রতিষ্ঠার উদ্যোগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁদের মধ্যে ছিলেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান, সহযোগী অধ্যাপক ও বনলতা হলের প্রভোস্ট ড. সানজিদা হক মিশু; কৃষি বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রক্টর ড. আহসান সৌরভ; ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ও সাবেক প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব; ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. রাকিবুল ইসলাম; সহকারী অধ্যাপক সুমাইয়া আলম এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তন্বী সাহা।

একই সাথে অনলাইনে যুক্ত হয়ে স্মৃতিচারণ করেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক হাবিবুর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক আরাফাত রহমান এবং কাজী মসিউর রহমানের ছোট ভাই কাজী অরুনিম রহমান। এ সময় প্রাক্তন শিক্ষার্থী ও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরাও তাঁর জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন।

স্মরণানুষ্ঠানে সভাপতিত্ব করেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও মানবিক অনুষদের ডিন সুকান্ত বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ঐশিক রায় ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সানজিতা আফরোজ রিতা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...