Logo Logo

ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসেচতনতায় র‌্যালি ও লিফলেট বিতরণ


Splash Image

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় সচেতনতামূলক র‌্যালি ও লিফলেট বিতরণ করেছে নদী ও প্রকৃতি রক্ষায় কাজ করা সামাজিক সংগঠন তরী বাংলাদেশ।


বিজ্ঞাপন


বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের করা হয়। পরে র‌্যালিটি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সংগঠনের নেতাকর্মীরা ডেঙ্গু প্রতিরোধ, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে জনসাধারণকে সচেতন করেন।

র‌্যালি শেষে গাড়িচালক, হাসপাতালে আসা রোগী ও তাঁদের স্বজন, ব্যবসায়ী এবং পথচারীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। একই সঙ্গে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা এবং নিজ নিজ বাসাবাড়ি ও আঙিনা পরিষ্কার রাখার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়।

লিফলেট বিতরণকালে সংগঠনের নেতারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও সম্মিলিত সামাজিক উদ্যোগ অত্যন্ত জরুরি। পৌরবাসী নিজ নিজ বাসাবাড়ি এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সহযোগিতা করলে ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর ফল পাওয়া সম্ভব।

তাঁরা আরও বলেন, ডেঙ্গুর প্রধান বাহক এডিস মশা সাধারণত জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা কিংবা আশপাশের কোথাও পানি জমে আছে কি না, তা নিয়মিত পরীক্ষা করতে হবে। যেসব পাত্র বা স্থানে পানি জমতে পারে, সেগুলো পরিষ্কার রাখতে হবে। পাশাপাশি বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব প্রত্যেক নাগরিককে নিতে হবে।

বক্তারা জানান, ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে আগামী তিন মাস প্রতি শনিবার ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ও সরকারি উদ্যোগের পাশাপাশি এ কর্মসূচিতে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে তা আরও কার্যকর হবে।

র‌্যালিতে তরী বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক শামীম আহমেদ, সোহেল রানা ভূঁইয়া, খালেদা মুন্নী, নিহারঞ্জন সরকার, সুশান্ত পাল, আব্দুল হাকিমসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...