Logo Logo

সুষ্ঠু তদন্তের দাবি

বাকেরগঞ্জে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ


Splash Image

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নে বিসিআইসি সার ডিলার নিয়োগে অনিয়ম, একই ব্যক্তির নামে একাধিক সরকারি ডিলারশিপ পরিচালনা এবং যোগ্য প্রতিদ্বন্দ্বীকে বঞ্চিত করার গুরুতর অভিযোগ উঠেছে।


বিজ্ঞাপন


এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত, অনিয়মপূর্ণ নিয়োগ বাতিল এবং প্রকৃত যোগ্য আবেদনকারীকে ডিলার হিসেবে নিয়োগের দাবি জানিয়েছেন মেসার্স ইয়ামিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শাহিনুর বেগম।

এ বিষয়ে তিনি বরিশালের জেলা প্রশাসক এবং জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতির কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি কলসকাঠী ইউনিয়নে বিসিআইসি সার ডিলার নিয়োগ প্রক্রিয়া পুনস্তদন্ত ও অধিকতর যাচাই-বাছাইয়ের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, শাহিনুর বেগম কলসকাঠী ইউনিয়নের বেবাজ এলাকার বাসিন্দা। তিনি বিসিআইসি সার ডিলার নিয়োগের সরকারি নীতিমালা ও সকল শর্ত পূরণ করে ৭৫ মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন একটি পাকা গুদামঘরের বৈধ ভাড়া চুক্তিপত্রসহ প্রয়োজনীয় আবেদনপত্র জমা দেন। আবেদনে উল্লেখিত গুদামঘরটির এসএ খতিয়ান নম্বর ৫২৫, এসএ দাগ নম্বর ৬২৪ এবং আয়তন ৩৪ ফুট দৈর্ঘ্য ও ১৪ ফুট প্রস্থ।

গত ১৫ সেপ্টেম্বর (২০২৬) উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও প্রশাসকের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি সরেজমিনে কাগজপত্র ও গুদামঘর যাচাই-বাছাই করে। অভিযোগকারীর দাবি, তাঁর প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান 'নয়ন ট্রেডার্স'-এর স্বত্বাধিকারী নিমাই কীর্তনীয়ার কোনো বৈধ গুদামঘর না থাকা সত্ত্বেও একটি সাধারণ বসতঘরকে গুদামঘর হিসেবে দেখানো হয়েছে, যা তদন্ত কমিটির কাছে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি।

শাহিনুর বেগম আরও অভিযোগ করেন, ডিলার নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়ায় কলসকাঠী ইউনিয়নে মাত্র একটি আবেদন জমা পড়েছে বলে দেখানো হয়েছে, যেখানে তাঁর জমা দেওয়া বৈধ আবেদনটির কথা সম্পূর্ণ গোপন করা হয়।

সরেজমিন পরিদর্শনের সময় নির্বাচিত প্রতিষ্ঠানটির গুদামঘর ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তীব্র প্রশ্ন দেখা দেয়। এ ছাড়া নিমাই কীর্তনীয়ার নামে বিসিআইসি সার ডিলারশিপের পাশাপাশি খাদ্য বিভাগের ওএমএস (OMS) ডিলারশিপ বহাল থাকার তথ্যটিও গোপন করা হয়েছে। অথচ সরকারি বিধিমালা অনুযায়ী একই ব্যক্তির নামে একাধিক সরকারি ডিলারশিপ পরিচালনা সম্পূণ আইনবহির্ভূত।

সংবাদকর্মীদের কাছে ক্ষোভ প্রকাশ করে শাহিনুর বেগম জানান, সংশ্লিষ্ট অনিয়মের বিষয়গুলো তুলে ধরে তিনি গত ২৩ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিত আবেদন জমা দিয়েছিলেন। তবে দীর্ঘ সময় পার হলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল জানান, তৎকালীন গঠিত তদন্ত কমিটির সুপারিশ ও যাচাই-বাছাইয়ের ভিত্তিতেই সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ থাকলে তা পুনস্তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...