বিজ্ঞাপন
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসের সফলতম বোলার চাহাল এখন পর্যন্ত ১৮৮ ম্যাচে ২৩৩টি উইকেট শিকার করে শীর্ষে অবস্থান করছেন। তবে আন্তর্জাতিক মঞ্চে আলো ছড়ালেও ভারতের হয়ে এখন পর্যন্ত কোনো টেস্ট ম্যাচ খেলার সুযোগ হয়নি ৩৬ বছর বয়সী এই স্পিনারের। সীমিত ওভারের ক্রিকেটে ভারতের জার্সিতে ৭২টি ওয়ানডেতে ১২১টি এবং ৮০টি টি-টোয়েন্টিতে ৯৬টি উইকেট শিকার করেছেন তিনি। বর্ণাঢ্য ক্যারিয়ারের পাশাপাশি সম্প্রতি চাহাল ও তার নৃত্যশিল্পী-কোরিওগ্রাফার স্ত্রী ধনশ্রী ভার্মার সম্পর্কের টানাপোড়েন ও আইনি বিচ্ছেদ নিয়ে ভারতীয় গণমাধ্যমে ব্যাপক গুঞ্জন চলছিল। মাঠের সাফল্য থাকলেও মাঠের বাইরে এই মানসিক চাপ যে তাকে ভেতর থেকে নিঃশেষ করে দিচ্ছিল, তা স্পষ্ট হলো চাহালের সাম্প্রতিক বক্তব্যে।
পডকাস্টে জীবনের কঠিন মোড় নিয়ে কথা বলতে গিয়ে চাহাল জানান, গত বছর ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলে ফেরার পর পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অতিরিক্ত মদ্যপান এবং ক্রমাগত প্যানিক অ্যাটাক তাকে খাদের কিনারায় দাঁড় করিয়ে দেয়। তবে সে সময় বন্ধু ও পরিবারের সহযোগিতায় নিজেকে রক্ষার তাগিদ অনুভব করেন তিনি। চাহাল বলেন, "বিষয়টি একপর্যায়ে সব সীমা ছাড়িয়ে গিয়েছিল। তখন বুঝতে পেরেছিলাম, যদি এই অবস্থা চলতে থাকে তবে জীবনের সবচেয়ে ভালোবাসার জায়গা—ক্রিকেটটাই হয়তো হারিয়ে ফেলব। তাই নিজেকে সামলাতে পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হই এবং সেখানে একটানা ২৬ দিন থাকি।"
এই সিদ্ধান্ত নিজের সামগ্রিক জীবনধারায় বিরাট পরিবর্তন এনেছে জানিয়ে এই স্পিনার আরও বলেন, "সেই ২৬ দিন আমার মানসিক পরিপক্বতা অনেক বাড়িয়ে দিয়েছে। আবেগ নিয়ন্ত্রণে রাখা এবং বিরূপ পরিস্থিতি সামলে নেওয়ার কৌশল এখন আমি জানি। গত আইপিএলে নিজেকে শারীরিকভাবে আবার ৩০ বছর বয়সের মতো চনমনে মনে হচ্ছিল; ঠিকমতো জিম, রানিং ও ফিল্ডিং ড্রিল করতে পেরেছি।"
অল্প বয়সে শুরু হওয়া পার্টি কালচার কীভাবে একসময় নেশায় পরিণত হয়েছিল, সেই স্মৃতিচারণ করে ২০১১ সালের আইপিএল অভিষেকের কথা টানেন চাহাল। সে সময় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলার অভিজ্ঞতা স্মরণ করে তিনি বলেন, "একবার এবি ডি ভিলিয়ার্স আমাকে বলেছিলেন—জীবনে ভারসাম্যই আসল। কথাটা শুনতে খুব সহজ লাগলেও বাস্তব জীবনে ধরে রাখা ততটাই কঠিন।"
সবশেষে চাহাল জানান, অতীতকে পেছনে ফেলে তিনি এখন অনেক শান্ত ও ইতিবাচক মানসিকতায় আছেন। নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে জীবন ও ক্যারিয়ারকে নতুনভাবে সাজিয়ে নিয়ে ক্রিকেটপ্রেমীদের আরও ভালো পারফরম্যান্স উপহার দেওয়াই এখন তার মূল লক্ষ্য।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...