Logo Logo

সভাপতি মোহন সম্পাদক ওসমান

‘গর্বের বাকেরগঞ্জ’-এর প্রথম কেন্দ্রীয় কাউন্সিল নির্বাচন সম্পন্ন


Splash Image

বাকেরগঞ্জ উপজেলার সর্ববৃহৎ সামাজিক সংগঠন ‘গর্বের বাকেরগঞ্জ’-এর ১২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি ও প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সম্পূর্ণ আধুনিক ও ভার্চুয়াল পদ্ধতিতে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সংগঠনের মোট ৯০ জন নিবন্ধিত কাউন্সিলরের মধ্যে ৮৭ জন অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সাথে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট গণনা শেষে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, সর্বোচ্চ ৮৩ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন মোজাম্মেল হোসেন মোহন। অপরদিকে ৭৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. ওসমান গনি। এছাড়া ৬৭ ভোট অর্জন করে জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মো. শামসুল আরেফিন এবং ৫২ ভোট পেয়ে জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রকৌশলী একেএম মিজানুর রহমান মাসুদ জয়লাভ করেন।

সংগঠন সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৫ ডিসেম্বর প্রতিষ্ঠার পর দীর্ঘ যাত্রায় এবারই প্রথম কাউন্সিলরদের সরাসরি অংশগ্রহণে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের মূল নেতৃত্ব নির্বাচন করা হলো। চারটি প্রধান পদের বিপরীতে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেন।

এবারের নির্বাচনে মোট ৯০ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান। তাঁদের মধ্যে ৪৪ জন ছিলেন বাকেরগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বাকেরগঞ্জ উপজেলা, বরিশাল জেলা, নারায়ণগঞ্জ জেলা ও গাজীপুর জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, জ্যেষ্ঠ সহ-সভাপতি ও জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক। অবশিষ্টাংশ ৪৬ জন ছিলেন কেন্দ্রীয় কমিটির সম্মানিত কাউন্সিলর।

প্রথমবারের মতো অনুষ্ঠিত এই নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনের সকল শাখার নেতাকর্মীদের মধ্যে দিনভর এক অভূতপূর্ব সাড়া ও ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। শুধু সংগঠনের সদস্যরাই নন, বাকেরগঞ্জের সর্বস্তরের সাধারণ মানুষের দৃষ্টিও ছিল এই নির্বাচনের ফলাফলের দিকে।

সাংগঠনিক বিশেষজ্ঞদের মতে, একটি বৃহৎ সামাজিক সংগঠনের বিভিন্ন স্তরের ও অঞ্চলের কাউন্সিলরদের সমন্বয়ে সম্পূর্ণ ভার্চুয়াল মাধ্যমে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করা একটি বড় সাংগঠনিক চ্যালেঞ্জ ছিল। তবে সদস্যদের সুশৃঙ্খল অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতায় এ নির্বাচন প্রক্রিয়া সফল হওয়াকে সংগঠনের অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা ও ভবিষ্যতের সাংগঠনিক বিকাশের ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

নবনির্বাচিত এই যোগ্য নেতৃত্বের হাত ধরে ‘গর্বের বাকেরগঞ্জ’-এর মানবিক ও সামাজিক কার্যক্রম আগামীতে আরও গতিশীল, শক্তিশালী ও ত্বরান্বিত হবে বলে স্থানীয় সচেতন মহল আশাবাদ ব্যক্ত করেছেন।

প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...