Logo Logo

আখতার হোসেন

রাষ্ট্র ব্যবস্থা নিতে পারছে না বলে ইশরাককে অস্ত্র হাতে নামতে হয়েছে


Splash Image

আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির মুখে রাষ্ট্র ব্যর্থ হওয়ায় বাধ্য হয়ে ইশরাক হোসেনকে অস্ত্র হাতে মাঠে নামতে হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।


বিজ্ঞাপন


সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে আখতার হোসেন বলেন, সারাদেশে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। বিভিন্ন স্থানে প্রতিনিয়ত মাদক, চাঁদাবাজি, গুম, খুন ও ধর্ষণের মতো অপরাধ বৃদ্ধি পাচ্ছে। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের ঘটনার মধ্য দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেই চরম ব্যর্থতাই আবার জনসমক্ষে উন্মোচিত হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, দেশে মাদক নির্মূলের দায়িত্বে নিয়োজিত সংস্থাগুলো বর্তমানে পুরোপুরি অকার্যকর হয়ে পড়েছে, পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও কার্যকর ভূমিকা রাখতে পারছে না। সীমান্ত সুরক্ষা প্রসঙ্গে তিনি বলেন, দেশের সীমান্তগুলো অরক্ষিত অবস্থায় রয়েছে। ভারতসহ প্রতিবেশী সীমান্ত দিয়ে যেসব অবৈধ মাদক বাংলাদেশে প্রবেশ করছে, তা প্রতিরোধে সরকার কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারছে না।

শুধুমাত্র ইশরাক হোসেনের পদত্যাগের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো বাস্তব উন্নতি হবে না উল্লেখ করে এনসিপি নেতা বলেন, এর মাধ্যমে পরিস্থিতির পরিবর্তনের জন্য সরকারের পক্ষ থেকে কোনো টেকসই উদ্যোগ দেখা যাচ্ছে না।

ইশরাকের পদত্যাগের নেপথ্য কারণ নিয়ে প্রশ্ন তুলে আখতার হোসেন বলেন, “এখানে একটি বড় প্রশ্ন থেকে যায়—ইশরাক হোসেনের এই পদত্যাগ কি কেবল অস্ত্র প্রদর্শনের কারণেই, নাকি এর পেছনে বিএনপির অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দল কাজ করছে? এটি নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে।”

তিনি জোর দিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবিলম্বে কার্যকর ও বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করতে হবে। সর্বাগ্রে সীমান্ত এলাকা কঠোর সুরক্ষার আওতায় আনতে হবে, যেন কোনোভাবেই দেশে অবৈধ মাদকের প্রবেশ ঘটতে না পারে।

সর্বশেষে তিনি হুশিয়ারি দিয়ে বলেন, শুধুমাত্র ইশরাকের পদত্যাগের মতো ঘটনা দিয়ে মূল সমস্যা ধামাচাপা দেওয়া বা ‘আইওয়াশ’ করা যাবে না। সার্বিক শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে সরকারকে সদিচ্ছা দেখাতে হবে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতাগুলো চিহ্নিত করে অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার ও কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...