Logo Logo

পদ্মায় প্রশাসনের যৌথ অভিযান

শিবচরে ৩ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৯ জেলে


Splash Image

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে মাদারীপুরের শিবচরে পদ্মা নদী থেকে ৯ জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত পরিচালিত এ বিশেষ অভিযানে প্রায় ৩ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে আটক জেলেদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।


বিজ্ঞাপন


উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে সারাদেশে মা ইলিশ রক্ষায় ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা চলছে। এই সময়ে ইলিশ আহরণ, পরিবহন ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও শিবচরের পদ্মা অববাহিকায় একদল অসাধু জেলে রাতের আঁধারে মা ইলিশ শিকারের অপতৎপরতা চালাচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজানের নেতৃত্বে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে রাতভর সাঁড়াশি যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাসির উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার ছাড়াও শিবচর থানা পুলিশ এবং চরজানাজাত নৌ-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। নদী থেকে জাল ও ট্রলারসহ হাতে-নাতে আটক ৯ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম ইবনে মিজান জানান, দেশের জাতীয় সম্পদ ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। নিষিদ্ধ সময়ে পদ্মায় কোনোভাবেই মা ইলিশ শিকার করতে দেওয়া হবে না। নিষেধাজ্ঞা চলাকালীন দিন ও রাতে পদ্মা নদীর শিবচর অংশে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...