Logo Logo

চাটখিলে সিএনজিচালিত অটোরিকশায় উঠে ছিনতাইয়ের শিকার নারী


Splash Image

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে সিএনজিচালিত অটোরিকশায় যাতায়াতের সময় এক নারী সংঘবদ্ধ ছিনতাই ও হামলার শিকার হয়েছেন। এতে ভুক্তভোগী ওই নারী আহত হয়েছেন।


বিজ্ঞাপন


শুক্রবার (২৩ অক্টোবর) চাটখিল থানায় ভুক্তভোগী নারী উপস্থিত হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় চাটখিলের হালিমা দিঘিরপাড়ের পার্শ্ববর্তী এলাকায় ছিনতাইয়ের এই ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের বারইপাড়া (পাঠান বাড়ি) এলাকার বাসিন্দা এবং মৃত কামাল হোসেনের স্ত্রী মোছাম্মৎ রাবেয়া খাতুন (৫৮) হালিমা দিঘিরপাড় হতে চাটখিল বাজারে আসার উদ্দেশ্যে একটি সিএনজি অটোরিকশায় ওঠেন। সিএনজিটিতে আগে থেকেই চালকসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন যাত্রীবেশে অবস্থান করছিল। গাড়িটি হালিমা দিঘিরপাড় হতে মারকাজ মসজিদের সামনে আসার সাথে সাথেই গাড়িতে থাকা অজ্ঞাতনামা ছিনতাইকারীরা অতর্কিতভাবে রাবেয়া খাতুনের ওপর আক্রমণ করে। তারা ভুক্তভোগীকে এলোপাতাড়ি চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। একপর্যায়ে তার চোখ ও মুখ চেপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করে।

হামলাকারীরা জোরপূর্বক রাবেয়া খাতুনের সাথে থাকা আনুমানিক ২০ হাজার টাকা মূল্যের ১টি স্বর্ণের আংটি, সাত আনা ওজনের ১ জোড়া স্বর্ণের কানের দুল, নগদ ১০ হাজার টাকা এবং ৩০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল সেটসহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নেয়। এরপর চলন্ত সিএনজিটি উল্টো দিকে ঘুরিয়ে নিয়ে কাচারি বাজারের পাশের একটি খালের মধ্যে ভুক্তভোগীকে ফেলে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরবর্তীতে স্থানীয় লোকজন তার পরিবারকে খবর দিলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নিয়ে আসেন।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, গত কয়েকদিনে চাটখিল ও এর আশেপাশের এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলযোগে এভাবে যাত্রী সেজে ধারাবাহিক ছিনতাই ও হামলার ঘটনা ঘটছে।

এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা মহিউদ্দিন বলেন, "গত কয়েকদিন ধরে আমাদের এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় এ ধরনের ছিনতাই ও হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। সাধারণ মানুষ, বিশেষ করে নারীরা এখন সিএনজিতে যাতায়াত করতে চরম ভয় পাচ্ছেন। সংঘবদ্ধ এই চক্রটি একে একে সাধারণ মানুষকে টার্গেট করছে, যা আমাদের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য বড় হুমকি। আমরা অবিলম্বে এই রোডগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি এবং একই সাথে পুলিশি টহল বাড়ানোর অনুরোধ করছি।"

ভুক্তভোগীর মেয়ে রিফাত সুলতানা বলেন, "আমার মায়ের ওপর যেভাবে নির্যাতন চালানো হয়েছে, তা ভাবলেই শিউরে উঠছি। ছিনতাইকারীরা শুধু মালামাল নিয়েই ক্ষান্ত হয়নি, আমার মাকে গাড়ি থেকে খালে ফেলে দিয়ে হত্যার চেষ্টা করেছে। নগদ টাকা, মোবাইল ও স্বর্ণালঙ্কারসহ আমাদের মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে টাকার চেয়ে মায়ের জীবনের নিরাপত্তা ও এই মানসিক আঘাত আমাদের বড় ক্ষতি করেছে। এই বর্বরোচিত ঘটনার সাথে জড়িত মূল অপরাধীদের যেন দ্রুত খুঁজে গ্রেপ্তার করা হয় এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়।"

চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, "ভুক্তভোগী রাবেয়া খাতুনের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। এই ঘটনার সাথে জড়িত সিএনজিচালক এবং যাত্রীবেশী ছিনতাইকারী চক্রটিকে শনাক্ত করতে পুলিশ ইতিমধ্যেই কাজ শুরু করেছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে আমাদের বিশেষ অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে।"

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...