মার্কিন বিশেষ দূত টম বারাক।
বিজ্ঞাপন
তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং সিরিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের প্রধান কর্মকর্তা টম বারাক বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর বিষয়ে আগ্রহী। তাঁর ভাষ্য অনুযায়ী, কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র কূটনৈতিকভাবে আলোচনার টেবিলে রয়েছে।
তবে একই সঙ্গে কঠোর সতর্কবার্তা দিয়েছেন বারাক। তিনি বলেন, বিশ্ব, যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলো এবং উপসাগরীয় অঞ্চলকে নিয়মিত হুমকির মুখে ফেলা হলে এর পরিণতি ইরানকে ভোগ করতে হবে।
বারাকের এই অবস্থান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্যের সঙ্গে স্পষ্টতই ভিন্ন। আসন্ন নির্বাচনের আগে নেতানিয়াহু ইরানের বর্তমান শাসনব্যবস্থা উৎখাতের প্রতিশ্রুতি দিয়েছেন। বিপরীতে মার্কিন দূত স্পষ্ট করে জানিয়েছেন, ইরানে ক্ষমতার পরিবর্তন ঘটানো ওয়াশিংটনের লক্ষ্য নয়।
বারাকের মতে, কোনো দেশের সরকার পতনের পর সৃষ্ট পরিস্থিতি সামাল দেওয়া সবসময়ই অত্যন্ত জটিল হয়ে পড়ে। সে কারণে ইরানে সরকার পরিবর্তনের পরিবর্তে যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজার দিকেই কেন্দ্রীভূত।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে জানিয়েছিলেন, আগামী ৩ নভেম্বরের কংগ্রেস নির্বাচনের আগে ইরানে কোনো হামলা চালানো হবে না। তবে সাম্প্রতিক সময়ে কূটনৈতিক প্রচেষ্টা কার্যত স্থবির হয়ে পড়ায় পরিস্থিতি নতুন করে অনিশ্চিত হয়ে উঠেছে। এরই মধ্যে নির্বাচনের আগেই ইরানের বিরুদ্ধে আরেক দফা সামরিক অভিযান পরিচালনার সম্ভাবনার কথা জানিয়েছেন ট্রাম্প।
ফলে একদিকে ওয়াশিংটনের আলোচনার বার্তা, অন্যদিকে সামরিক পদক্ষেপের হুমকি—দুই বিপরীতমুখী অবস্থানের মধ্যে ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও গভীর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সূত্র: আরব নিউজ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...