Logo Logo

সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট


Splash Image

সাইবার হামলার ঝুঁকির কারণে সাময়িকভাবে বন্ধ রাখার পরও হ্যাকারের কবলে পড়েছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ওয়েবসাইট। ওয়েবসাইটের অন্তত দুটি স্থানে স্প্যাম শনাক্ত হওয়ার পর সেগুলো মেরামতের কাজ করছেন ব্যাংকটির তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগের কর্মীরা। এ কারণে রবিবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টা পর্যন্ত ওয়েবসাইটটি সচল করা সম্ভব হয়নি।


বিজ্ঞাপন


জনতা ব্যাংকের আইটি বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ওয়েবসাইটে দুটি সাইবার হামলার চিহ্ন পাওয়া গেছে। সেগুলো মেরামত করতে সময় লাগছে। আশা করা হচ্ছে, রবিবারের মধ্যেই ওয়েবসাইটটি সচল করা সম্ভব হবে।

এদিকে, ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের পদ শূন্য থাকায় এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। এর আগে গত ১৯ অক্টোবর দিন শেষে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমানের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে সরকার।

এরপর পূজার ছুটি উপলক্ষে সরকারি দপ্তরসহ ব্যাংক খাতে টানা পাঁচ দিনের ছুটি শুরু হয়। বৈশ্বিক সাইবার হামলার ঝুঁকি বিবেচনায় বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গত বৃহস্পতিবার থেকে বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছিল।

পাঁচ দিনের ছুটি শেষে রোববার ব্যাংকিং কার্যক্রম শুরু হলে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট চালু করা হয়। তবে জনতা ব্যাংকের ওয়েবসাইট তখনও সচল করা সম্ভব হয়নি।

বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সাইবার হামলার ঝুঁকি নিয়ে সতর্কতা জারি করে ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা সংস্থা এনিসা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো।

গত ২১ অক্টোবর প্রকাশিত এক যৌথ সতর্কবার্তায় সংস্থাগুলো জানায়, এসব নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে হামলাকারীরা আক্রান্ত সার্ভারে ক্ষতিকর কোড চালাতে পারে। দ্রুত নিরাপত্তা হালনাগাদ করা সম্ভব না হলে ঝুঁকিতে থাকা ওয়েব অ্যাপ্লিকেশনগুলো সাময়িকভাবে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন রাখার পরামর্শ দেওয়া হয়।

এই সতর্কবার্তার পর বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের ওয়েবসাইটের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।

রবিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত সোনালী, অগ্রণী, রূপালী ও বেসিক ব্যাংকের ওয়েবসাইট সচল ছিল। তবে জনতা ব্যাংকের ওয়েবসাইট মেরামতের কাজ চলছিল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...