বিজ্ঞাপন
তৃণমূল পর্যায়ে প্রাথমিক শিক্ষাই একজন শিক্ষার্থীর মানসিক ও নৈতিক ভিত্তির মূল সোপান। জীবনের দীর্ঘ সময় কোমলমতি শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে মানুষ গড়ার কারিগর হিসেবে কাজ করেছেন আমেনা পারভীন। তাঁর বিদায়লগ্নে বক্তারা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন বিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন, শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ এবং সহশিক্ষা কার্যক্রমে তাঁর অনন্য নেতৃত্বের কথা। বক্তারা উল্লেখ করেন, তাঁর সততা, সময়নিষ্ঠা ও দায়িত্ববোধ প্রতিষ্ঠানটিকে উপজেলার অন্যতম শীর্ষ বিদ্যাপীঠে রূপান্তরে নিয়ামক হিসেবে কাজ করেছে, যা সহকর্মী ও ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহামুদুল হাসান। তিনি বলেন, সরকারি নিয়মে একজন চাকরিজীবীর কর্মজীবনের পরিসমাপ্তি ঘটে, কিন্তু একজন প্রকৃত শিক্ষকের বিদায় হয় না; তিনি আজীবন বেঁচে থাকেন তাঁর শিক্ষার্থীদের আদর্শ ও অর্জনের মাঝে। প্রধান শিক্ষক আমেনা পারভীন পেশাগত জীবনে যে একাগ্রতা, মমতা ও সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা এ অঞ্চলের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার জন্য মাইলফলক। তাঁর এই আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষক সমাজকে পথ দেখাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আমিনুর রহমান সরকার দোলন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল হাসান, মনোহরদী পল্লী বিদ্যুতের ডিজিএম ফজিলত রাব্বি মুমিনা, মনোহরদী প্রেসক্লাবের সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি মো. হারুন অর রশিদ, মনোহরদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বদরুল ইসলাম মোল্লা বাবুল, শিক্ষক মো. লুৎফুর রহমান এবং মদিনা গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ইব্রাহিম তালুকদার দিদার। এছাড়া অনুষ্ঠানে মিয়া হোসেন মোল্লা, রমজান তালুকদারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ ও অভিভাবকরা অংশ নেন।
অনুষ্ঠানের শেষ পর্বে বিদায়ী প্রধান শিক্ষক আমেনা পারভীনকে বিদ্যালয় পরিবার ও আমন্ত্রিত অতিথিদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ক্রেস্ট এবং মূল্যবান উপহারসামগ্রী প্রদান করা হয়। এ সময় দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে সহকর্মী ও শিক্ষার্থীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। সবার ভালোবাসা ও দোয়ার মধ্য দিয়ে অশ্রুসজল চোখে বিদ্যালয় প্রাঙ্গণ ত্যাগ করেন এই আদর্শ শিক্ষক।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...