Logo Logo

ঝালকাঠিতে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৭ মাদক কারবারি গ্রেপ্তার


Splash Image

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


বিজ্ঞাপন


এ সময় তাদের কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ২ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের এবং নলছিটি থানার ওসি। তারা জানান, ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলার বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করা হয়।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, সোমবার রাতে ঝালকাঠি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাতাসাপট্টি এলাকায় অভিযান চালিয়ে অমিত কুমার কংশ বনিক অপু (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক বিক্রিতে সহায়তার অভিযোগে পলাতক মো. মিজানুর রহমানের বিরুদ্ধে ঝালকাঠি থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ঝালকাঠি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের স্টেশন রোডের (টিনপট্টি) এলাকায় অভিযান চালিয়ে মো. জামিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধেও ঝালকাঠি সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, নলছিটি থানা পুলিশ কুশংগল ইউনিয়নের টাক বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. সুমন হাওলাদার (২৪), মো. মজিদ উদ্দিন বেপারী (৩২) ও মো. আকাশ মীর (২২) নামে তিনজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই দিন রাতে পূনরায় টাক বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. জসিম উদ্দিন (২৭) নামে এক ব্যক্তিকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে পুলিশ। সুবিদপুর ইউনিয়নের গোদন্ডা সাকিনের গোদন্ডা ব্রিজের ওপর অভিযান চালিয়ে মোহাম্মদ সাব্বির হোসেন (২৯) নামে এক ব্যক্তিকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে নলছিটি থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ বলেন, মাদকদ্রব্য নির্মূলে নলছিটি থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সকলকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, ঝালকাঠি জেলায় মাদকদ্রব্যের বিস্তার রোধে জেলা গোয়েন্দা শাখার অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে। মাদকসংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...