Logo Logo

মাদারীপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু


Splash Image

মাদারীপুরে বিষধর গোখরা সাপের কামড়ে উদ্ধব বাড়ৈ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা।


বিজ্ঞাপন


নিহত উদ্ধব বাড়ৈ মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের উত্তর কলাগাছিয়া গ্রামের বাসিন্দা। কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার বিকেলে কলাগাছিয়া বাজারে আড্ডা দিতে যান উদ্ধব বাড়ৈ। সেখানে একটি পরিত্যক্ত দোকানঘরের ভেতরে সমবয়সীদের সঙ্গে বসে আড্ডা দেওয়ার সময় বিকেল সাড়ে ৪টার দিকে ঘরের ভেতরে থাকা একটি গোখরা সাপ (কালি জাতের সাপ) তাকে কামড় দেয়। এ সময় উপস্থিত লোকজন সাপটিকে মেরে ফেলেন।

পরে স্থানীয়রা তাকে বাজারের কাছেই নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে শরীর থেকে বিষ নামানোর জন্য একজন সাপুড়ে ওঝাকে ডেকে আনা হয়। দীর্ঘ চেষ্টা করেও তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় পরিবারের সদস্যরা রাত ৮টার দিকে তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই ত্রিনাথ বাড়ৈ বলেন, ‘সাপের কামড় নিশ্চিত হওয়ার পর বাড়ির লোকজন স্থানীয় ওঝা দিয়ে বিষ নামানোর চেষ্টা করেন। কিন্তু বিষ নামানো সম্ভব হয়নি। পরে আমার ভাই গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে যাওয়ার পথেই সে মারা যায়।’

মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. অখিল সরকার বলেন, ‘সাপে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে রোগীকে হাসপাতালে নিয়ে আসলে তিনি এভাবে মারা যেতেন না। কোন সাপে কামড় দিয়েছে, তা সাপটিকে মেরে ফেলার কারণে নিশ্চিত হওয়া গিয়েছিল। কিন্তু হাসপাতালে আসার আগেই রোগীর মৃত্যু হয়েছে।’

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...