Logo Logo

লালমোহনে মেজর (অবঃ) হাফিজ

বিএনপি ক্ষমতায় আসলে আমরা একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তুলবো


Splash Image

ভোলা-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি জয়যুক্ত হয়ে ক্ষমতায় আসলে একটি বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা হবে। যেখানে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিতের পাশাপাশি সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় আচার পালন করতে পারবেন।


বিজ্ঞাপন


শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ডাওরীহাট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভোটারদের উদ্দেশ্যে মেজর হাফিজ বলেন, "দেশ ও জাতির ভাগ্য পরিবর্তনের লড়াইতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে শহীদ জিয়ার দল বিএনপিকে জয়যুক্ত করুন। আমার ওপর আস্থা রেখে আপনারা ভোট দিন; নির্বাচনের পর জনসেবায় আমার কোনো ত্রুটি থাকলে আপনারা আমার থেকে জবাবদিহিতা বুঝে নেবেন।" তিনি বর্তমান সময়কে বাংলাদেশের ভাগ্য নির্ধারণের এক সন্ধিক্ষণ হিসেবে অভিহিত করেন।

আসন্ন গণভোট প্রসঙ্গে সিনিয়র এই নেতা বলেন, একটি নির্বাচিত সরকার ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। সংবিধান সংশোধনের অধিকার কেবল জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের রয়েছে। জুলাই সনদের অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলেন, "যেহেতু আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি, তাই আপনারা সকলে 'হ্যাঁ' ভোট দেবেন। ধানের শীষের পাশাপাশি গণভোটে আপনাদের রায় প্রদান নিশ্চিত করবেন।"

কালমা ইউনিয়ন বিএনপির সভাপতি মোতাহার হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল। এছাড়াও সভায় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...